
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীতে ভারতের কথা শুনেছে। ভারত যেভাবে বলেছে আমাদের শিক্ষা কাঠামো সেভাবেই সাজানো হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যে শিক্ষা কাঠামো গড়ে তোলা হয়েছে যেখানে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়া হয়েছে। অন্যদিকে আমাদের দেশে যে শিক্ষা কাঠামো চাপিয়ে দেয়া হয়েছে তা হলো পরীক্ষা সর্বস্ব। এখানে শুধুমাত্র পরীক্ষা নেয়া হয়, পাশ দেয়া হয় আর সার্টিফিকেট দেয়া হয়।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় আলিম শিক্ষার্থীদের নবীন বরন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবির সভাপতি বলেন, ‘এই শিক্ষা কাঠামো ১৮৮৩ সালে তৈরি করা হয়। সেই কাঠামো এখনো রয়ে গেছে। আমাদের জাতিকে গড়ে তোলার জন্য যে ধরনের শিক্ষা কাঠামো প্রয়োজন, তা গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি।’
তিনি বলেন, ‘আমাদের আধিপত্যের করাল গ্রাসে নিমজ্জিত করে রাখা হয়েছে। আধিপত্যবাদীরা আমাদেরকে দাস বানিয়ে রাখার জন্য এমনভাবে কাজ করছে, যেখানে তারা যা বলে তা শুনতে হয়। আর এজন্য আওয়ামী লীগ অতীতে ভারতের কথা শুনেছে।’
তিনি আরো বলেন, ‘সামগ্রিকভাবে নিজেদের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। তবে আমরা মুক্ত হবো কিভাবে, আমাদেরকে ফেসবুক ও ইউটিউবে রিলসে আসক্ত করা হয়েছে। আমাদের বেশিরভাগ ছেলে এসবে আসক্ত। আমাদের এসব থেকে বের হতে হবে।’
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘এই আলিমের সময়টা গুরুত্বপূর্ণ। এ সময়টা তোমাকে কাজে লাগাতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। তোমাকে ইলম অর্জন করতে হবে। নিজেকে নিজে তৈরি করতে হবে। নিজেকে নিজে তৈরি করলে কেউ তোমাকে স্মরণ করবে। তোমাকে সফল হতে হবে। ব্যর্থ হলে তোমার পাশে কেউ থাকবে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের উদ্দেশ্য থাকবে ইলম। আমরা ইলম অর্জন করব। ছাত্রশিবির এজন্য সব সময় তোমাদের সাথে থাকবে। আমরা দেশের জন্য তোমাদের নিয়ে কাজ করতে চাই। আমরা এ সমাজকে বিনির্মাণ করতে চাই। এই সমাজ বিনির্মাণে তোমাদের এগিয়ে আসতে হবে।’
মাদরাসা শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান, ছাত্রশিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন আরমান।
অফিস সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








