রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আব্দুল মোতালিব খান (৬৩) নামে এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী ও আমীরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি বাদুয়ারচর গেইট বাজার এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোতালিব খানের বাড়ি রায়পুরা উপজেলার আমীরগঞ্জ গ্রামে।
নিহতের ভাই আলম খান জানান, আব্দুল মোতালিব খান প্রতিদিনের মতো রেললাইনের উপর দিয়ে বাদুয়ারচর গেইট বাজার যাচ্ছিলেন। চট্টগ্রামগামী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে রিলিফ ট্রেনের একটি ইঞ্জিন তাকে ধাক্কা দেয়। এতে তার দুটি পা কাটা পড়ে এবং তিনি মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, এ লাইনে সাধারণত ঢাকার দিক থেকে ট্রেন আসে। কিন্তু এদিন পেছন দিক থেকে বগি ছাড়া শুধুমাত্র রিলিফ ট্রেনের ইঞ্জিন এসে তাকে ধাক্কা দেয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।



