চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৮২ লাখ টাকার অনুদান হস্তান্তর

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে এ সহায়তার চেক তুলে দেয়া হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
অনুদান হস্তান্তর অনুষ্ঠান
অনুদান হস্তান্তর অনুষ্ঠান |নয়া দিগন্ত

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট ফান্ড থেকে চুয়াডাঙ্গায় বিতরণ করা হয়েছে ৮২ লাখ টাকার আর্থিক অনুদান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে এ সহায়তার চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘দক্ষ চালকের অভাব ও সড়ক ব্যবহারকারীদের অসচেতনতাই প্রতিদিনের মূল্যবান প্রাণহানির প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারী—উভয়েরই সচেতনতা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলা জরুরি। মোটরসাইকেল চলাচলে অতিরিক্ত সতর্কতার ওপর জোর দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সড়কে অবৈধ ও লাইসেন্সবিহীন যান কোনোভাবেই সহ্য করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম বি এম খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাস এবং ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম। এছাড়া পরিবহন খাতের প্রতিনিধিদের মধ্যে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি এ সহায়তা দুর্ঘটনাকবলিত অসহায় পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে। তবে কেবল অনুদান বিতরণেই সীমাবদ্ধ না থেকে দুর্ঘটনা রোধে সড়কে দীর্ঘমেয়াদি ও কার্যকর শৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।