নারী কাবাডি বিশ্বকাপে শুভসূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে উড়িয়ে দিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে। আফ্রিকার দলটাকে ৪২-২২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
১৩ বছর পর ফের মাঠে গড়িয়েছে নারী কাবাডি বিশ্বকাপ। সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির এ আসরের উদ্বোধন হয়।
আসরের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে উগান্ডার মুখোমুখি হয় বাংলাদেশ। আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা প্রথমার্ধে লড়াই জমিয়ে তুলে খানিকটা। তবে ঠিকই ১৪-১২ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর বাংলাদেশ যেন পুরোপুরি গতি বদলে লড়াইকে একপেশে করে তোলে। আর সুযোগ দেয়নি উগান্ডালে। ২৮ পয়েন্ট তুলে নেয় বাঘিনীরা, প্রতিপক্ষকে অলআউট করে দেয় দু’বার।
উগান্ডা চেষ্টা করলেও বাংলাদেশের সংগঠিত রক্ষণ আর ধারাবাহিক আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ফলে ২২-৪২ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্মৃতি আক্তার। আগামীকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।



