রায়গঞ্জে হাসপাতালে সেবা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব

Printed Edition

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রসব বেদনা নিয়ে হাসপাতালে গিয়েও সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে। দীর্ঘ সময় ডেলিভারি কক্ষ তালাবদ্ধ থাকায় ও অবহেলার শিকার হয়ে স্বজনেরা বাধ্য হয়ে রোগীকে অন্যত্র নেয়ার সিদ্ধান্ত নেন। শেষপর্যন্ত হাসপাতালে চিকিৎসা না পেয়ে পথিমধ্যেই এক পুত্রসন্তানের জন্ম দেন ওই প্রসূতি।

গত শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রসূতি রঞ্জনা বেগম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা দিগর এলাকার বাসিন্দা। রোগীর স্বজনেরা জানান, রঞ্জনা বেগমের প্রসব বেদনা শুরু হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগের নির্দেশনায় ওপরতলার ডেলিভারি পয়েন্টে গিয়ে তারা দেখতে পান কক্ষটি সম্পূর্ণ বন্ধ ও তালাবদ্ধ। প্রসূতি তীব্র ব্যথায় ছটফট করলেও সেখানে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মী পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর একজন নার্স এলেও কোনো সুচিকিৎসা মেলেনি। দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা দেন স্বজনেরা। পথিমধ্যে তীব্র প্রসব বেদনার একপর্যায়ে রাস্তার ওপরই সন্তান প্রসব করেন তিনি।

অভিযোগের বিষয়ে হাসপাতালের মিডওয়াইফ রুমা মহন্ত জানান, বিকেলে দায়িত্বে থাকা কর্মী ছুটিতে থাকায় ডেলিভারি কক্ষ বন্ধ রাখা হয়েছিল। তবে রোগীকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলাম। পরে এসে দেখি রোগী চলে গেছে।

বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আ ফ ম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, সেখানে মিডওয়াইফের উপস্থিত থাকা উচিৎ ছিল। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সিরাজগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা: তাসনিমা জান্নাত জানান, বিষয়টি সম্পর্কে জেনেছি। দায়িত্বে অবহেলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।