
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন ঘনিয়ে এলেও রাজনৈতিক পরিস্থিতি এখনো অনিশ্চিত। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী নেত্রী মেরিন ল্য পেন।
তবে বিশ্লেষকদের মতে, প্রার্থীদের মধ্যে বিভক্তি ও ভোটারদের অনিশ্চিত মনোভাবের কারণে নির্বাচনের ফলাফল জনমত জরিপের ইঙ্গিতের চেয়ে অনেক বেশি অনিশ্চিত।
নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় ইতোমধ্যেই ৩০ জনের বেশি ঘোষিত ও সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন।
সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ফ্রান্সের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পাশাপাশি তারা পরিবর্তনও চাইছেন।
প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকায় দেশের বর্তমান সঙ্কটের জন্য অনেকেই ম্যাক্রোঁকে দায়ী করছেন।
গত অক্টোবরে বিক্ষোভ একপর্যায়ে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহতম সংঘর্ষে রূপ নেয়। তবে সরকারি ব্যয় কমিয়ে আনার জন্য ফ্রান্স সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আর্থিক বাজার ও ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশন্সের জ্যেষ্ঠ নীতিবিষয়ক গবেষক জেরেমি ক্লিফ বলেন, ‘আগামী পাঁচ মাসে পরিস্থিতি ব্যাপকভাবে বদলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রার্থীদের তালিকা দ্রুত বদলাচ্ছে। ফ্রান্সের অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে ও আর্থিক বাজারে বড় ধরনের ধাক্কা আসার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।’
প্রার্থীরা এখনো নিজেদের অবস্থান যাচাই করছেন
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় ইউনিয়নবিষয়ক কর্মসূচির পরিচালক সোফি মিউনিয়ে বলেন, নির্বাচনী প্রচার এখনো পুরোদমে শুরু হয়নি।
২০১২, ২০১৭ ও ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মেরিন ল্য পেন এবার তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। প্রথম দফার ভোট নিয়ে বিভিন্ন জনমত জরিপেও তিনি এগিয়ে আছেন।
ন্যাশনাল র্যালি (আরএন) দলের এই প্রার্থী ইউরোপীয় পার্লামেন্টে ভুয়া চাকরির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পরও নির্বাচনে লড়ছেন।
তবে গত জুলাইয়ে আপিল আদালত তার সরকারি পদে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে দেন। আগামী বছরের শুরুতে ফ্রান্সের সর্বোচ্চ আদালত ওই রায়ের বৈধতা বহাল থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে ল্য পেনের মুখোমুখি হতে পারেন কট্টর বামপন্থী প্রার্থী ও ফ্রান্স আনবোড (এলএফআই) দলের নেতা জঁ-লুক মেলঁশোঁ।
মধ্যপন্থী ও ডানপন্থী শিবিরে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোটারদের শেষ পর্যন্ত দুই উগ্রপন্থী প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ ও গ্যাব্রিয়েল আতাল কয়েক মাস ধরেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এদিকে অলিম্পিক জুডো চ্যাম্পিয়ন তেদি রিনে অপ্রত্যাশিতভাবে নির্বাচনী দৌড়ে যোগ দিয়েছেন।
বামপন্থী শিবিরেও ঐক্যের অভাব রয়েছে। মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান নিজেকে মেলঁশোঁর বিকল্প হিসেবে তুলে ধরছেন।
কট্টর বামপন্থী নেতা মেলঁশোঁর সাথে কাজ করার বিষয়ে গ্রিন পার্টির নেত্রী মেরিন তঁদেলিয়ের আগ্রহেরও সমালোচনা করেছেন তিনি।
তবে বিশ্লেষকদের মতে, প্রার্থীরা এখনো নির্বাচনে নিজেদের সম্ভাবনা যাচাই করছেন। সামনে বিভিন্ন দলের মধ্যে জোট বা সমঝোতার সম্ভাবনাও রয়েছে।
প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দামিয়েন বোল বলেন, ‘অনেক প্রার্থীই শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবেন।’
ফ্রান্সের রাজনীতিতে বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন দেখা যাচ্ছে এই অনিশ্চয়তায়। একসময় দেশটির রাজনীতি শক্তিশালী রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণে থাকলেও এখন তা ক্রমেই প্রার্থীকেন্দ্রিক হয়ে উঠছে।
বোল বলেন, ‘ফ্রান্সের অধিকাংশ মানুষই জানেন না, তারা কাকে ভোট দেবেন।’
স্থিতিশীলতার চেয়ে পরিবর্তন চান ভোটাররা
জনমত জরিপ সংস্থা ওডোক্সার এরওয়ান লেস্ত্রোহান বলেন, ফ্রান্সের প্রতি দুই ভোটারের একজনই চান, পরবর্তী প্রেসিডেন্ট যেন বর্তমানে নির্বাচনী প্রতিযোগিতায় থাকা প্রার্থীদের কেউ না হন।
তিনি বলেন, ‘এই প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কোনো প্রার্থীর প্রতিই ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন নেই।’
সোফি মিউনিয়ের মতে, ফ্রান্সের অধিকাংশ মানুষ এখন স্থিতিশীলতার চেয়ে পরিবর্তন চান।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি ধারাবাহিকতা বজায় রাখতে চান—এমন কোনো প্রার্থীর জন্য সবচেয়ে প্রতিকূল। বিশেষ করে যখন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিজে প্রার্থী নন এবং মধ্যপন্থী রাজনৈতিক শিবিরও বিভক্ত। তার প্রতিদ্বন্দ্বীরা যদি বিভক্তই থাকেন, তাহলে সেটিই ল্য পেনের জয়ের জন্য যথেষ্ট হতে পারে।’
সাম্প্রতিক বিক্ষোভে সমর্থন দেয়া মেলঁশোঁও প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।
জেরেমি ক্লিফ বলেন, ‘তিনি আত্মবিশ্বাসের সাথে একটি বামপন্থী কর্মসূচি তুলে ধরছেন।’
একসময় ল্য পেনকে পরাজিত করতে মধ্যপন্থী শিবিরের সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ এখন জনমত জরিপে পিছিয়ে পড়ছেন।
সোমবার প্রকাশিত টোলুনা হ্যারিস ইন্টারঅ্যাকটিভের এক জনমত জরিপে তিনি কান শহরের মেয়র ডেভিড লিসনারের পেছনে পড়ে যান।
মধ্যপন্থীদের মধ্যে ঐক্য গড়তে প্রাথমিক নির্বাচন আয়োজনের দাবি জোরালো হলেও ফিলিপ তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে জনমত জরিপ সংস্থা ইপসোসের গবেষণা পরিচালক ম্যাথিউ গ্যালার মনে করেন, নিজেদের মধ্যে মতবিরোধে জর্জরিত মধ্যপন্থীরা এখনো ঐক্যবদ্ধ হতে পারেন।
তিনি বলেন, ‘মধ্যপন্থী শিবিরের ভোটাররা দ্বিতীয় দফার নির্বাচনে ল্য পেন ও মেলঁশোঁর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাইবেন না—এটাই স্বাভাবিক।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









