বান্দরবান প্রতিনিধি
‘আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ’ প্রতিপাদ্যে নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিকআদিবাসী দিবস। এ উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা শহরের স্থানীয় রাজমাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নর-নারীরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেয়।
বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা: মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। বক্তব্য রাখেন থোয়াইচা প্রু মাস্টার, জিরকুং সাহু, উছোমং মারমা প্রমুখ। সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানসহ শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদসহ আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।
পরে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়। র্যালিতে জেলার মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, লুসাইসহ ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির তরুণ-তরুণীসহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতারা অংশ নেয়।



