পরীক্ষাকেন্দ্র
কথা বলছেন মাসুদ সাঈদী এমপি। নয়া দিগন্ত

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে পিরোজপুর ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র বরিশাল থেকে পিরোজপুরে স্থানান্তর করা হয়েছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

এত দিন পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বরিশাল সরকারি মহিলা কলেজে যেতে হত। দূরত্ব, যাতায়াতের সময় ও ব্যয়—সব মিলিয়ে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখে পড়তে হত। বিশেষ করে আর্থিক অসচ্ছলতা ও যাতায়াতের অসুবিধার কারণে অনেক শিক্ষার্থীর জন্য নিয়মিত পরীক্ষায় অংশ নেয়া কঠিন হয়ে পড়েছিল। এমনকি দূরবর্তী পরীক্ষাকেন্দ্রের কারণে কোনো কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি বলেও জানা গেছে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংসদ সদস্য মাসুদ সাঈদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা পরীক্ষাকেন্দ্র বরিশাল থেকে পিরোজপুরে স্থানান্তরের উদ্যোগ নিতে তার সহযোগিতা কামনা করেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মাসুদ সাঈদী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় এ-সংক্রান্ত নোটিশ জারি করে। নোটিশ অনুযায়ী, এখন থেকে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র বরিশালের পরিবর্তে পিরোজপুরে নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তে পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের মতে, নিজ জেলায় পরীক্ষাকেন্দ্র হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ ও অতিরিক্ত ব্যয় কমবে। পাশাপাশি আরো বেশি শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

পিরোজপুর ল’ কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যাশা ছিল, কলেজের পরীক্ষাকেন্দ্রটি বরিশালের পরিবর্তে পিরোজপুরে করা হবে। এতে আমাদের যাতায়াত অনেক সহজ হবে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবেন। সংসদ সদস্য মাসুদ সাঈদীর আন্তরিক প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এ জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

পরীক্ষাকেন্দ্র পিরোজপুরে স্থানান্তরের এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণের প্রতিবন্ধকতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।