আতাউর রহমান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে জাবি ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।
গতকাল বিকেল ৫টায় মনোনয়নপত্র দাখিলের পর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রশিবির সভাপতি মুহিবুর রহমান জাকসুর প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচে শিক্ষার্থী ও শাখা শিবিরের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতœতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী ফিরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ৪৮ ব্যাচের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন ।
এ ছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহরিয়ার ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে রসায়ন বিভাগের হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে জুলজি বিভাগের হুসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন । এ ছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন, রাকিবুল ইসলাম ও মুহিবুল্লাহ।
প্যানেল ঘোষণার পর সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন সময়ে সামাজিক কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও জুলাই আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের নিয়ে আমরা সমন্বিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছি। আমরা এই প্যানেল থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। আমরা জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীরা আমাদের যেন কোনো দল বা সংগঠনের প্যানেল হিসেবে মনে না করতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করতে চাই। আমরা আমাদের কথার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যা বলতে চাই তার প্রতি কমিটেড থাকতে চাই। আমাদের কথা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আশা করছি, শিক্ষার্থীরা আমাদের প্রতি আস্থা রাখবে। আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু ক্যাম্পাস উপহার দিতে চাই, এর মাধ্যমে আমরা একটি সুন্দর ক্যাম্পাস ও সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে পারব।
প্যানেল ঘোষণার পর শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় সোচ্চার ও জুলাই আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের সবাইকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেলের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার দ্রুতই শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো।
কেন্দ্রীয় ও হল সংসদে ৭৪০ মনোনয়নপত্র দাখিল
এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৭৪০টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে ২৭৩টি এবং হল সংসদে ৪৬৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য জানান।
তিনি জানান, জাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের জন্য তিনদিন সময় নির্ধারণ করা হয়েছিল। এই সময়ে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে মোট ২৯৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ২৭৩টি দাখিল হয়েছে। এ ছাড়া হল সংসদে জমা পড়েছে ৪৬৭টি মনোনয়নপত্র।



