
চারটি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ছেড়েছেন কুমিল্লার কৃতী সন্তান প্রফেশনাল গলফার আফশান আনিস।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে ভারতের উদ্দেশে রওনা হন তিনি।
আফশান আনিস জানান, ভারতে ইন্ডিয়ান কোয়ালিফায়িং ট্যুরে অংশ নেয়ার পর ২০২৭ মৌসুমের যোগ্যতা অর্জনের লক্ষ্যে আগামী ১৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠেয় মেনা ট্যুর কোয়ালিফায়িং ট্যুরে খেলবেন। এরপর ২০ নভেম্বর থাইল্যান্ড কোয়ালিফায়িং ট্যুর এবং ২ ডিসেম্বর চায়না কোয়ালিফায়িং ট্যুরে অংশ নেবেন। এসব প্রতিযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট আন্তর্জাতিক গলফ ট্যুরে খেলার যোগ্যতা অর্জনই তার লক্ষ্য।
আফশান আনিস বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়। প্রতিটি টুর্নামেন্টকে তিনি নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে দেখছেন। নিজের সেরাটা দিয়ে দেশের সম্মান বৃদ্ধি এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচুতে তুলে ধরতে চান তিনি।
কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ও স্বাস্থ্যসেবায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি গলফের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন আফশান।
আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে সফলতার জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








