
ভারতে অবস্থিত উপমহাদেশের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগে তিনি ইন্তেকাল করেন বলে ভারতের একধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকালে ভারতসহ উপমহাদেশের ধর্মীয়, শিক্ষা ও সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা নদভী ১৯৩৫ সালে ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হন। সেখানে মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী হাসানি নদভী রহ:-সহ তৎকালীন প্রখ্যাত আলেমদের কাছে শিক্ষা লাভ করেন।
নদওয়াতুল উলামার শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ দক্ষতার পাশাপাশি লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বক্তা হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন।
নদওয়াতুল উলামার আরবি মাসিক পত্রিকা ‘আল-বায়সুল ইসলামী’র সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। পরে পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার লেখনী ও সম্পাদনার মাধ্যমে আরবি ভাষা, ইসলামী জ্ঞান ও নদওয়াতুল উলামার চিন্তাধারা পাঠকদের কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘ শিক্ষা ও দ্বীনি সেবার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে খাজা মঈনুদ্দিন চিশতি ভাষা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট. ডিগ্রি প্রদান করে। ২০২৬ সালের মে মাসে জয়পুরের জামিয়া হিদায়া তাকে আজীবন সম্মাননা প্রদান করে।
তার ইন্তেকালে আলেম, শিক্ষক, লেখক ও শিক্ষার্থীদের মধ্যে শোক নেমে এসেছে। শুভাকাঙ্ক্ষীরা তার রূহের মাগফিরাত কামনা করেছেন। সূত্র : বাসিরাত ও মিল্লাত টাইমস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








