
সৌদি আরবের মক্কায় অবস্থিত ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামের (কাবা পরিবেষ্টিত মসজিদ) প্রবীণ ও বিশিষ্ট মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার ফজরের সময় মক্কা নগরীতে তিনি ইন্তেকাল করেন বলে আলজাজিরা জানিয়েছে। একইসাথে হারামাইন শরীফাইনের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের বরাতেও তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
শায়খ ইবরাহিম আল-মাদানি পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিনদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানত ফজরের আজান ও ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।
মসজিদুল হারামে ২৪ জন নিয়মিত মুয়াজ্জিনের মধ্যে গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে তিনি তার জীবনের শেষ আজানটি প্রদান করেন।
১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণকারী শায়খ ইবরাহিম শৈশবেই পারিবারিক পরিবেশে পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।
পরে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে দায়িত্ব পালনের পর ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার সুবাদে আজানের ‘মাদানি’ রীতির পাশাপাশি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সান্নিধ্যে তিনি ‘মাক্কি’ ধারার সুর ও বৈশিষ্ট্যেও পারদর্শিতা অর্জন করেন। আজান, হজ ও ঈদের তাকবিরে তার অনন্য কণ্ঠের বহু রেকর্ড সংরক্ষিত রয়েছে।








