
একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণীর জীবনদর্শন, আবেগ, অনুভূতি, প্রাত্যহিক ঘটনাবলি এবং তাদের কিছু জিজ্ঞাসাকে কেন্দ্র করে এগিয়েছে ‘গন্তব্য’র গল্প। লেখক গল্পের চরিত্রদের মুখ দিয়েই কিছু প্রশ্নের উত্তর ও উদাহরণ তুলে ধরেছেন। সম্মিলিত প্রয়াসে ইসলামের সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আমাদের প্রচলিত জীবনধারার নানা কঠিন বাস্তবতার সহজ সমাধান পবিত্র কোরআনে কিভাবে বর্ণিত হয়েছে, তা গল্পের মোড়কে উপস্থাপন করা হয়েছে।
তিন তরুণীর মূল গল্পের ভেতরে আরো অনেক ছোট গল্প আছে, যা লেখক আবেগের সাথে বর্ণনা করেছেন। এ প্রসঙ্গে বইটির প্রকাশক বলেন, ‘বইয়ের প্রতিটি পাতায় আছে লেখকের হৃদয়ের কথা, অভিজ্ঞতার কথা। বইটির বর্ণনাশৈলী পাঠকের হৃদয়কে নাড়া দিয়ে যাবে। জীবন জটিলতায় থাকা পাঠকের কাছে বইটি অনুপ্রেরণা এবং আত্মশুদ্ধির উপলক্ষ হতে পারে।’
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত ইসলামী বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক শফিক মুন্সির বই ‘গন্তব্য’। বই প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন আবুল ফাতাহ মুন্না। বইটি মেলার ১১৫-১১৬ নম্বর স্টলে পাওয়া যাবে। ৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ১১০ টাকা।
লেখক শফিক মুন্সি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। বেশ কয়েক বছর ধরে একটি জাতীয় গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। পেশাগত জীবনের সত্যান্বেষী মনোভাব তার লেখক জীবনেও প্রভাব ফেলেছে।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মেলার কার্যক্রম শুরু হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১২ সেপ্টেম্বর। বইমেলা চলবে প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা, এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মাসব্যাপী চলার পর মেলার সমাপ্তি হবে ১০ অক্টোবর। এবারের মেলায় দেশী-বিদেশী মোট ১৪২টি প্রকাশনী স্টল দিয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবার রয়েছে বিশেষ সীরাত এক্সিবিশন, শিশু কর্নার, ফিমেল কর্নার, মিডিয়া কর্নার, ম্যাগাজিন ও লেখক কর্নারসহ আধুনিক সব ফিচার। ইসলামী সাহিত্য, উপন্যাস, প্রবন্ধ, তাফসীর, হাদীস, ফিকহ, সীরাত, ইতিহাসসহ বিভিন্ন বিষয় ও বিভিন্ন ঘরানার ইসলামী বইয়ের সাথে এবার মেলায় থাকছে মিসর, লেবানন, সৌদি আরব, পাকিস্তান ও ভারতের বিভিন্ন প্রকাশনীর আরবি, উর্দু ও ইংরেজি ভাষার বই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








