ছেলের খুনিদের শাস্তি দেখে যেতে চান আইনজীবী আলিফের বৃদ্ধ বাবা
ads

আরাফাত বিপ্লব, চট্টগ্রাম ব্যুরো 

ছেলেকে হারানোর দুই বছর পেরিয়ে গেছে। এখনো শোক বয়ে বেড়াচ্ছেন বৃদ্ধ বাবা জামাল উদ্দিন। তার মনে একটাই প্রত্যাশা, জীবদ্দশায় ছেলের খুনিদের বিচার দেখে যাবেন। কিন্তু বিচারপ্রক্রিয়া এগোচ্ছে ধীরগতিতে। দিনদুপুরে প্রকাশ্য সড়কে আইনজীবী ছেলে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় এখনো বিচার শেষ না হওয়ায় হতাশ তিনি। ৭১ বছর বয়সী জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, ‘জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আর কিছু বলার নেই।’
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকা থেকে ধরে নিয়ে নৃশংস কায়দায় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। গতকাল সেই হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো। হত্যা মামলার বিচার শুরু হলেও এখন পর্যন্ত ৪৯ জন সাক্ষীর মধ্যে মাত্র চারজনের সাক্ষ্য নেয়া হয়েছে। বাকি ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ এখনো বাকি। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। তবে সেখানে বিচার শুরুর জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট এখনো জারি হয়নি। ফলে ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়া এগোচ্ছে না বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী মো: রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
চট্টগ্রাম মহানগর জজ আদালতের এপিপি রায়হানুল ওয়াজেদ শুধু আইনজীবীই নন তিনি শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ঘনিষ্ঠ বন্ধুও। তিনি নয়া দিগন্তকে জানান, মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য পাঠিয়েছেন। তবে সেখানে বিচার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি গেজেট জারি হয়নি।
রায়হানুল ওয়াজেদ চৌধুরী আরো বলেন, আলিফের বাবা ও মামলার বাদি জামাল উদ্দিন ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আবেদন করেছিলেন। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের চূড়ান্ত আদেশ পাওয়া যায়নি।
বিচারের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করে এই আইনজীবী বলেন, ৪৯ জন সাক্ষীর মধ্যে মাত্র চারজনের সাক্ষ্য নেয়া হয়েছে। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক ও রায়ের ধাপ এখনো বাকি। এভাবে চলতে থাকলে বিচার শেষ হতে আরো দীর্ঘ সময় লাগতে পারে বলে তার আশঙ্কা। 
কী ঘটেছিল সেদিন
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতপাড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময় দাসের অনুসারীরা সশস্ত্র তাণ্ডব শুরু করে। 
এ সময় আদালত এলাকা থেকে ধরে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আলিফকে। আলিফ তখন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।