
বুধবারের বড় পতনের পর হতাশায় ভর করা পুঁজিবাজারে গতকাল কিছুটা স্বস্তি ফিরেছে। আগের দিনের মতো গতকালও দিনের শুরুতে বড় ধরনের বিক্রয়চাপ তৈরি হলেও একপর্যায়ে তা সামলে নেয় পুঁজিবাজারগুলো। আর এর মাধ্যমে সাময়িকভাবে হতাশা কাটল পুঁজিবাজারে। দিন শেষে ঢাকা বাজারে সূচকের সামান্য অবনতি ঘটার পাশাপাশি অবনতি ঘটেছে লেনদেনেরও। তবে চট্টগ্রাম শেয়ারবাজারে সূচকের অবনতি ঘটলেও উন্নতি ঘটে লেনদেনের।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আগের দিন হঠাৎ করে ঘটে যাওয়া পতনে বিনিয়োগকারীদের মাঝে একধরনের আতঙ্ক তৈরি হলে গতকাল তারা লেনদেনে অংশ নেয়ার থেকে বাজার পর্যবেক্ষণকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এর ফলে ঢাকায় লেনদেনের অবনতি ঘটে। কিন্তু পতনের সুনির্দিষ্ট কোনো কারণ না থাকায় গতকাল সকালে তৈরি হওয়া বিক্রয়চাপ একপর্যায়ে সামলে নেয় ঢাকা শেয়ারবাজার। গতকালের বাজার আচরণ দেখে তারা আশাবাদী, নেতিবাচক কিছু না ঘটলে আগামী সপ্তাহে পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৬ দশমিক ৯৩ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল লেনদেন শেষে নেমে আসে ৫ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ৫ দশমিক ৪২ ও ৩ দশমিক ২১ পয়েন্ট। অনরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৩৮ দশমিক ৮৫ পয়েন্ট হ্রাস পায়। এখানে দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৫১ দশমিক ৪৯ ও ২৪ দশমিক ৩৪ পয়েন্ট।
এর ফলে গতকাল ঢাকা শেয়ারবাজারে লেনদেনেরও অবনতি ঘটে। ডিএসই গতকাল ৭০৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ২১০ কোটি টাকা কম। বুধবার বাজারটির লেনদেন ছিল ৯১৭ কোটি টাকা। তবে লেনদেন বেড়েছে চট্টগ্রামে। এখানে ৩১ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয় গতকাল। আগের দিন সিএসইর লেনদেন ছিল ২৪ কোটি টাকা।
এ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির সাবসিডিয়ারি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অধিগ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন শেয়ার ইস্যুর অনুমোদন পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ জন্য কোম্পানিটির সাত লাখ ৮০ হাজার ২৩৪টি সাধারণ শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজকে নতুন শেয়ার ইস্যুর বিষয়ে সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারহোল্ডারদের নামে এসব শেয়ার ইস্যু করা হবে। হাইকোর্টের সম্মতি ও বিএসইসির অনুমোদনসাপেে অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এ কোম্পানি দীর্ঘদিন ধরে দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ইলেকট্রনিক পণ্যসামগ্রী রফতানি করে আসছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের অংশ হিসেবে লেবাননের একটি প্রতিষ্ঠানের সাথে পাঁচ বছরের গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি করেছে ওয়ালটন। পাশাপাশি ইয়েমেনের একটি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কোম্পানিটি।
কোম্পানির তথ্যানুযায়ী, লেবাননের আইনানুযায়ী নিবন্ধিত এবং বৈরুতে কার্যালয় থাকা ফ্রিগো পাওয়ার ফর জেনারেল ট্রেডিংয়ের সাথে এ চুক্তি হয়েছে। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে লেবাননে ওয়ালটন পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী পাঁচ বছর প্রতিষ্ঠানটি দেশটির বাজারে ওয়ালটনের পণ্য বিক্রি, বিতরণ ও বিপণনের দায়িত্ব পালন করবে।
অন্য দিকে ইয়েমেনের এডেনে নিবন্ধিত মোহাম্মদ আবদুল্লাহ আল-ইজ্জি ফর ইমপোর্টের সাথে সমঝোতা স্মারক সই করেছে ওয়ালটন। কোম্পানির দেয়া তথ্যমতে, দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি নিরবচ্ছিন্ন পণ্য ক্রয়, বিপণন, মানসম্মত গ্রাহকসেবা এবং পণ্যের প্রচারের বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হবে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বোর্ড। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩১ টাকা ১১ পয়সা। ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২৬ পয়সা।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৭৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটির বোর্ড। ওই অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ টাকা ২২ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৪৪ টাকা ৭৮ পয়সা।
ইলেকট্রনিক পণ্যসামগ্রী উৎপাদক প্রকৌশল খাতের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৬৬ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১২ হাজার ২৪৪ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ৩৬ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার ২৯৪টি। সর্বশেষ গত ৩১ আক্টোবর পর্যন্ত শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, কোম্পানিটির ৭১ দশমিক ০৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ০.৯৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.৯১ শতাংশ শেয়ার।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









