
‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর বরিশালের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মো: মজিবর রহমান সরোয়ার।
আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের ওপর গুরুত্ব
প্রধান অতিথির বক্তৃতায় মো: মজিবর রহমান সরোয়ার বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরো আধুনিক ও রফতানিমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রাণিজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব প্রদান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বনির্ভরতা ও খামারিদের পাশে দাঁড়ানোর আহ্বান
প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনে খামারিদের উৎসাহিত করার পাশাপাশি সরকারি প্রণোদনা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
এ সময় তিনি বলেন, দেশে গোশতের চাহিদা পূরণে বিদেশের ওপর নির্ভরশীল থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশেই পর্যাপ্ত গবাদিপশু উৎপাদনের সক্ষমতা রয়েছে। এ সক্ষমতাকে কাজে লাগাতে প্রাণিসম্পদ বিভাগকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। খামারিদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিলে এ খাত আরো সমৃদ্ধ হবে।
গ্রামীণ অর্থনীতি ও পারিবারিক আয়ে প্রাণিসম্পদের অবদান তুলে ধরে তিনি আরো বলেন, প্রাণিসম্পদ আমাদের গ্রামীণ অর্থনীতি ও পারিবারিক আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করে আসছেন। বর্তমানে অনেক শিক্ষিত ও কর্মজীবী মানুষও চাকরির পাশাপাশি কিংবা অবসর গ্রহণের পর গবাদিপশু ও মাছের খামার গড়ে তুলছেন। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক। তবে এ খাতকে আরও এগিয়ে নিতে খামারিদের পাশে দাঁড়াতে হবে।
আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলা
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে এবং জেলা প্রাণিসম্পদ ট্রেনিং অফিসার ডা: সুশান্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, খামারি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ ক্যাম্পাসে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। ৩৯টি স্টলের এই মেলায় প্রাণিসম্পদ খাতের আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পশুখাদ্য ও খামার ব্যবস্থাপনার নানা বিষয় প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্য থেকে আট ক্যাটাগরিতে মোট ১৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









