
মাদক শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি ভয়াবহ জনস্বাস্থ্য ও সামাজিক সঙ্কট। শহরে গ্রামে সর্বত্রই মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। ঘরে বাইরে সর্বত্র মাদকের থাবা, এমনকি কারাগারও বাদ নেই। ইদানীং পত্রপত্রিকায় মাদক সম্পর্কে যেসব তথ্য উঠে আসছে তাতে কারো পক্ষে এককভাবে মাদক নিয়ন্ত্রণের কথা ভাবাই যায় না। এ সমস্যার মোকাবেলায় রাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে সীমিত জনবল, ক্ষমতা ও অর্থবল দিয়ে একটি প্রতিষ্ঠান তৈরি করেই সম্ভবত সান্ত¡না খুঁজছেন, যা বাস্তবে অপর্যাপ্ত।
কিছু দিন আগে বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয় ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর পরিচালিত এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাদকে অভ্যস্ত। এদের মধ্যে ৯২ শতাংশই ২৫ বছর বা তার কম বয়সী। ৩৩ শতাংশের মাদকে হাতেখড়ি হয় স্কুল ও কলেজ পর্যায়ে। মূলত বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, মানসিক চাপ কমাতে, পরীক্ষা বা প্রেমের ব্যর্থতার গ্লানি ভুলতে তরুণরা মাদকের রঙিন জগতে পা রাখে। এর পরে ধীরে ধীরে আষ্টেপৃষ্ঠে ধরা পড়ে মাদকের মোহনীয় জগতের হাতছানিতে। শুরুতে মানসিক চাপ নিয়ন্ত্রণে এটা কাজ করলেও ধীরে ধীরে মাদকের ওপর বাড়তে থাকে নির্ভরতা; একসময় এটা হয়ে পড়ে জীবনের নিয়ন্ত্রক। প্রথম দিকে নিজের জমানো টাকা, পরে মা, বাবা, ভাইাবোন আত্মীয়স্বজনের কাছ থেকে ধার এবং শেষে চুরি, ছিনতাই ও পকেটমারীর মাধ্যমে মাদকের অর্থ জোগাড়ের চেষ্টা করে। ছোটখাটো গ্রুপে বিভক্ত হয়ে শুরু করে চাঁদাবাজি। এলাকার আধিপত্য, মাদক কারবারের বখরা নিয়ে খুন খারাবিতে জড়িয়ে পড়ে। এসব ছোট বড় দল রাজনৈতিক প্রশ্রয়ও পায়। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে এককভাবে এদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। একই সাথে মাদকের ধরনও পাল্টাচ্ছে। আগে ছিল গাঁজা, পরে ইয়াবা এবং ইদানীং ই-সিগারেটসহ নতুন সিনথেটিক মাদকের বিস্তার ঘটেছে। ফেনসিডিল, হেরোইন এখন পুরনো। ইদানীং কুশ, কেটামিন, এলএসডিতে বাজার সয়লাব। উপরন্তু কুরিয়ার ও অনলাইনে ঘরে বসেই পাওয়া যায় মাদক।
মাদক নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা এর তদন্ত ও বিচার। গত সেপ্টেম্বর মাসের তথ্যানুযায়ী, দেশে প্রায় চার লাখ ৪৬ হাজার মাদকজনিত মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের বেশি সময় ঝুলে থাকা মামলার সংখ্যা এক লাখ ৬৬ হাজারেরও বেশি; অথচ এসব মামলা দ্রুত সম্পন্ন করার জন্য সময়সীমা বাঁধা আছে। তদন্তের মান নিয়েও আছে গুরুতর প্রশ্ন। ৫০০ মাদক মামলার রায় নিয়ে দৈনিক প্রথম আলোর পর্যালোচনায় দেখা গেছে, ৫৯.২ শতাংশ মামলায় অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হয়নি। এর পেছনে প্রভাবিত তদন্ত, নিরপেক্ষ সাক্ষীর অভাব, ত্রুটিপূর্ণ এজাহার, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য না দেয়া, রাসায়নিক পরীক্ষার প্রশ্নবিদ্ধ প্রতিবেদনসহ বহুবিধ কারণ রয়েছে। ফলে অপরাধী ছাড়া পেয়ে যায়।
মাদক সম্পর্কিত অন্য অপরাধও ছড়িয়ে পড়েছে আশঙ্কাজনকভাবে। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে অপরাধের ব্যাপ্তি। বড় মাদক কারবারিদের কাছে সরকারি ক্ষমতাধররাও নস্যিতুল্য। সত্তর ও আশির দশকে কলম্বিয়ার মাদক সম্রাট পাবলো এসকোবারকে ঠেকানোর জন্য কলম্বিয়া ও মার্কিন সেনাবাহিনীর নাস্তানাবুদ হওয়ার কথা বিশ^খ্যাত। মাদক নিয়ন্ত্রণে অত্যন্ত কঠোর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বিচারবহির্ভূত হত্যার দায়ে আজ আসামির কাঠগড়ায়। মাত্র কিছু দিন আগে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেয়ার জন্য।
মাদক এখন কোনো একটি দেশের সীমানা বা নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমিত নয়। এটি বৈশি^ক সমস্যা। বাংলাদেশ বিশ্বের দু’টি প্রধান মাদক উৎপাদনকারী অঞ্চল ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ এবং ‘গোল্ডেন ক্রিসেন্ট’-এর মাঝে অবস্থিত, সাথে ভারত ও মিয়ানমারের দীর্ঘ সীমান্তের সুবাদে আন্তর্জাতিক মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট। মাদক সহজলভ্য হওয়ায় দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ বিভিন্ন ধরনের মাদক স্বাস্থ্যঝুঁকির (মস্তিকের কর্মক্ষমতা হ্রাস, লিভার, কিডনি ও প্রজনন ক্ষমতার দুর্বলতা) মুখে।
বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু তা কেবল খাতাকলমে। এ পর্যন্ত একজন মাদক কারবারিও সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হয়নি; বরং মাদক কারবারি বলে অভিযোগ আছে এমন ব্যক্তিদেরও রাজনৈতিক প্রতিষ্ঠা দেয়া হয়েছে সংসদে আসার সুযোগ করে দিয়ে।
বাংলাদেশে মাদকের প্রভাব ও বিস্তার ঐতিহাসিক আফিম যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়, যা চীনকে ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করেছিল। বিনাযুদ্ধে একটি জাতিকে আজ্ঞাবহ করে রাখতে হলে তাদের নেশায় আসক্ত করার চেয়ে বড় অস্ত্র আর নেই।
বাংলাদেশ আজ এমনই এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি। মাদকের মারণ ছোবল থেকে বাঁচতে হলে প্রতিরোধ শুরু করতে হবে পরিবার থেকে। শিশুদের বেশি বেশি সময় দেয়া, বাইরে নিয়ে যাওয়া, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা, শিশুদের বন্ধুবান্ধব সম্পর্কে খোঁজখবর রাখা পারিবারিক পর্যায়ে শুরু করতে হবে। পাড়ায় মহল্লায় খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃক্ষরোপণের মতো সামাজিক অনুষ্ঠানাদির আয়োজন শিশুদের ব্যস্ত রাখে। স্কুলের পাঠ্যসূচিতে মাদকের কুফল সম্পর্কিত বিষয়ের অন্তর্ভুক্তি হতে পারে চমৎকার ব্যবস্থা। প্রয়োজন নৈতিক ও আদর্শিক শিক্ষা অবকাঠামো। প্রয়োজন ধর্মীয় নেতা ও স্থানীয় সামাজিক নেতাদের সম্পৃক্ততা, রেডিও টেলিভিশনে নানাভাবে প্রচারণা বাড়ানো।
রাষ্ট্রীয় পর্যায়ে মাদক কারবারের পেছনের মূল হোতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার। মাদকের বিরুদ্ধে প্রতিটি রাজনৈতিক দলের জিরো টলারেন্সের প্রতিশ্রুতি ও ঘোষণা থাকতে হবে। মাদক সম্পর্কিত আইনে প্রয়োজনীয় সংস্কার এবং অভিযুক্তদের বিচারে আদালতের সংখ্যা বাড়ানো জরুরি।
জাতির ভবিষ্যৎ প্রজন্মের সুস্থভাবে গড়ে ওঠার স্বার্থে মাদক নির্মূলের বিকল্প নেই। হ
লেখক : চক্ষুরোগ বিশেষজ্ঞ
shah.b.islam@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









