শেখ হাসিনা, সাখাওয়াত মুন, কারাগার, আদালত
সাখাওয়াত মুন, ইলিয়াস হোসেন ও আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ইন্টারনেট
ads

রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ (৫০) তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো: ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো: আল মামুন (৫০)।

আজ বৃহস্পতিবার তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে পুলিশ।

সূত্র : বাসস