
সামার ইয়াজবেক একজন সিরীয় লেখক ও সাংবাদিক। সিরিয়ার সঙ্ঘাত, মানবাধিকার, নারীর অভিজ্ঞতা এবং যুদ্ধের মানবিক দিক নিয়ে তিনি গুরুত্বপূর্ণ উপন্যাস ও নন-ফিকশন গ্রন্থ লিখেছেন। ফিলিস্তিনের গাজাবাসীর দুঃখকষ্টের বিবরণ নিয়ে ‘ইয়োর প্রেজেন্স ইজ অ্যা ডেঞ্জার টু ইয়োর লাইফ : ভয়েসেস ফ্রম গাজা’ বই লিখে তিনি নাম করেছেন। তার বইটি এ বছরের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের চূড়ান্ত পর্বে স্থান পায়। এর আগে তিনি নিজ দেশ সিরিয়ার উপরও অনুরূপ বই লেখেন। এগুলো ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
ফিলিস্তিনের গাজা বিষয়ে লেখা তার ‘ইয়োর প্রেজেন্স ইজ অ্যা ডেঞ্জার টু ইয়োর লাইফ’ বইয়ে ৭ অক্টোবর ২০২৩-এর পরবর্তী চিত্র ফুটে উঠেছে। সেদিন হামাসের যোদ্ধারা ইসরাইলে নজিরবিহীন এক আক্রমণ চালায়। গাজায় ইসরাইলি আগ্রাসনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই তাদের এই আক্রমণ। এরপর ইসরাইলি প্রতিশোধমূলক হামলায় হাজার হাজার গাজাবাসী নিহত হন। ৭ অক্টোবরের পর এক বছরে সামার ইয়াজবেক গাজার শত শত বেঁচে যাওয়া মানুষের সাথে সাাৎ করেন। তিনি তাদের প্রত্যেকের কাছে জানতে চান সেই দিনটির অভিজ্ঞতার কথা এবং তার পরবর্তী মাসগুলোতে ঘটে যাওয়া ধ্বংসলীলা ও বাস্তুচ্যুতির কথা। এই সাাৎগুলোর ফসল হলো ‘ইয়োর প্রেজেন্স ইজ অ্যা ডেঞ্জার টু ইয়োর লাইফ’ বইটি। অনুবাদ করেছেন লেরি প্রাইস। এতে রয়েছে ১৩ থেকে ৬৫ বছর বয়সী সাধারণ বেসামরিক নাগরিকদের দেয়া ২৬টি বয়ান। তাদের জীবন এমনভাবে বদলে গেছে যে তা আর কখনোই আগের অবস্থায় ফিরে আসবে না; হয়তো ভবিষ্যতে এই ঘটনাকে আমাদের সময়ের অন্যতম নৃশংস সামরিক অভিযান হিসেবে স্মরণ করা হবে।
বোমা হামলার ঠিক আগে আকাশ থেকে ফেলা সতর্কবার্তা সংবলিত লিফলেট থেকে নেয়া এই বইটির শিরোনামটি গাজাবাসীদের জীবনের এক অসম্ভব বাস্তবতাকে তুলে ধরে। সেই বাস্তবতা এখানে উন্মোচিত হয়েছে অকল্পনীয় তির বর্ণনায় ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, হারিয়ে যাওয়া প্রিয়জন, ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ এবং এমন সব নিষ্ঠুরতার মাধ্যমে, যা মানুষের বোধশক্তির অতীত। এই বয়ানগুলো সংগ্রহের মধ্য দিয়ে ইয়াজবেক শিরোনামের আড়ালে থাকা মানুষগুলোর জীবনকে সামনে নিয়ে এসেছেন; দেখিয়েছেন ধ্বংসস্তূপের মাঝেও বেঁচে যাওয়া মানুষদের কথা বলার এবং নিজেদের কণ্ঠস্বর পৌঁছে দেয়ার অদম্য সঙ্কল্প।
সামার ইয়াজবেক ১৯৭০ সালে সিরিয়ার জাবলেহ শহরে জন্মগ্রহণ করেন এবং লাটাকিয়া বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য অধ্যয়ন করেন। ‘আল-হায়াত’ পত্রিকায় ১০ বছর কাজ করেছেন এবং বিভিন্ন সিরিয়ান ও আরব সংবাদপত্রে তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সাহিত্যের বিভিন্ন ধরনের ধারা বা ঘরানায় সাহিত্যকর্ম রচনা করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে, উপন্যাস, ছোট গল্প, চলচ্চিত্রের স্ক্রিপ্ট, টেলিভিশন নাটক, চলচ্চিত্র এবং টিভি সমালোচনা, সাহিত্যিক বর্ণনা ইত্যাদি।
২০১০ সালে বৈরুত হে ফেস্টিভ্যাল আয়োজিত একটি প্রতিযোগিতায় ইয়াজবেক ৪০ বছরের কম বয়সী সম্ভাবনাময় লেখকের একজন হিসেবে নির্বাচিত হন। ২০১১ সালে তিনি বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে হওয়া গণ-অভ্যুত্থানে অংশ নেন এবং কয়েক মাস পর তাকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়। ২০১২ সালে, তিনি তার বই ‘অ্যা ওম্যান ইন দ্য ক্রসফায়ার : ডায়েরিজ অব দ্য সিরিয়ান রেভলিউশন’-এর স্বীকৃতিস্বরূপ বিশেষ মর্যাদাপূর্ণ পেন/পিন্টার পুরস্কার এর জন্য নির্বাচিত হন। একই বছরে তাকে সুইডিশ টুচোলস্কি পুরস্কার এবং ডাচ অক্সফাম/পেন পুরস্কার প্রদান করা হয়। ২০১৬ সালে ইয়াজবেকের সাহিত্য আখ্যান ‘দ্য ক্রসিং’কে মর্যাদাপূর্ণ ফরাসি ‘সেরা বিদেশী বই’ পুরস্কার প্রদান করা হয়। তার বেশ কয়েকটি উপন্যাস ও কয়েকটি নন ফিকশন বই প্রকাশ হয়েছে। তার লেখা ‘অ্যা ওম্যান ইন দ্য ক্রসফায়ার’ বইটি পাঁচটি ভাষায় অনূদিত হয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে : দ্য ক্রসিং (২০১৫), সিনামন (২০১২, উপন্যাস) , প্ল্যানেট অব কে (২০২১, উপন্যাস), হোয়্যার দ্য উইন্ড কলস হোম (উপন্যাস), দ্য ব্লু পেন (উপন্যাস)।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









