উঠতি ফুটবলারদের মেসির জার্সি গ্রহণের চ্যালেঞ্জ
বাফুফে সভাপতিকে মেসির জার্সি উপহার দিলেন মার্টিন টোলা : বাফুফে।
ads

ক্রীড়া প্রতিবেদক
পাঁচ দিনের সফর শেষ বাংলাদেশে আসা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের তিন প্রতিনিধির। গতকাল বাফুফের টার্ফে বাফুফে অ্যাকাডেমির ফুটবলারদের ট্রেনিং করানোর মাধ্যমে শেষ হয় এই কর্মসূচি। বাংলাদেশে একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলা এবং ফুটবল উন্নয়নে আরো কিছু কার্যক্রম পরিচালনার পরিকল্পনা তাদের। গতকাল বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এবং বাংলাদেশের আর্জেন্টিনার রাষ্ট্রদূতের উপস্থিতিতে ফুটবলারদের ট্রেনিং শেষ হয়। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংস্থাটির কর্মাশিয়াল ডিরেক্টর মার্টিন টোলা বাফুফে সভাপতির হাতে লিওনেল মেসির একটি জার্সি তুলে দেন । এরপর সেই জার্সি হাতে নিয়ে তাবিথ আওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রেনিংয়ে অংশ নেয়া উঠতি ফুটবলারদের উদ্দেশে। বাফুফে সভাপতি ঘোষণা দেন, আমি এই জার্সি দিতে চাই সেরা খেলোয়াড়কে। আমরা আগামীতে একটি টুর্নামেন্ট আয়োজন করব তোমাদের নিয়ে। সেখানে যে সেরা খেলোয়াড় হবে তাকে এই জার্সি উপহার দেয়া হবে।’ তাবিথ আওয়ালের এই ঘোষণা শুনে ফুটবলাররাও এই চ্যালেঞ্জ গ্রহণে রাজি হন।
বাফুফের টার্ফে ঘণ্টা দুইয়েক খুদে ফুটবলারদের ট্রেনিং করান এএফএর দুই কোচ। সাথে ছিলেন বাফুফের কোচরাও। তবে ফুটবলারদের পজিশন সেন্স দেখে হতাশা ব্যক্ত করেন অ্যালেক্স লিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারতে যে অ্যাকাডেমি আছে, সেখানে ম্যানেজারের দায়িত্ব পালন করেন অ্যালেক্স। তার মতে ‘আমরা তো মাত্র পাঁচ দিনের জন্য এখানে এসেছি। তবে এই উঠতি ফুটবলারদের মধ্যে পজিশন সেন্সের অভাব দেখলাম- এটি নানা কারণেই।’ যোগ করেন, ‘তাদের মধ্যে অনেক বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ হতে হবে। অনেক অনেক অনেক ম্যাচ। সে সাথে কোচদেরও আরো দক্ষ হতে হবে। এই দক্ষতার জন্য তাদের নিয়েও বেশি বেশি কোর্স করাতে হবে।’ স্পেনেরে বার্সেলোনায় অবস্থিত এএফএর অ্যাকাডেমির সমন্বয়ক নিকোলাস জানান, ‘এই ফুটবলারদের যদি ইন্ডিভিজুয়াল ট্রেনিং করানো যেত তাহলে আরো ভালোভাবে তাদের সম্পর্কে জানা যেত।’
এএফএর কর্মাশিয়াল ডিরেক্টর মার্টিন টোলাও জানালেন, ‘আমি বাংলাদেশের এই ফুটবলারদের মধ্যে পজিশন সেন্সের অভাব দেখেছি। বারবারই ভুল করছে তারা। এর পরও তাদের আরো উন্নতি করা সম্ভব। এ জন্য নিয়মিত উন্নত ট্রেনিং লাগবে। তাহলে জামাল ভূঁইয়ার মতো আরো বাংলাদেশী ফুটবলাররা আর্জেন্টিনা লিগে খেলতে যেতে পারবে।’