আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি
ইসলামাবাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা জানান পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক : নয়া দিগন্ত।
ads

আলমগীর কবির ইসলামাবাদ, পাকিস্তান থেকে
‘আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এখনো অনেক কিছু করার বাকি। আগামী দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়বে বলে আমি আশাবাদী।’ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যায় এ আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব পেরিয়ে নতুন করে সম্পর্ক এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, এই সফর একটি সুন্দর সূচনা। আগামী দিনগুলোতে বাংলাদেশের সংসদ আরো শক্তিশালী হবে। একই সাথে পাকিস্তানের সংসদের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
২৪ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব দ্য আর্টসের (পিএনসিএ) মিলনায়তনে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বাংলাদেশের স্পিকারকে সম্মান জানাতে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের সংসদ সদস্য, মন্ত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের চলচ্চিত্রজগতের কিংবদন্তি অভিনেত্রী শবনমের উপস্থিতিতে সন্ধ্যাটি বিশেষ মাত্রা পায়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সফরে দেশটিতে গেছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার সাথে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন- সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। আগামী ২৯ নভেম্বর তাদের দেশে ফেরার কথা।
বাংলাদেশের কোনো জাতীয় সংসদ স্পিকারের এটিই প্রথম পাকিস্তান সফর। ফলে সফরটিকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
একই সময়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশের ১৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল। সংসদীয় ও সাংবাদিক প্রতিনিধিদলের সফরসূচি আলাদা হলেও সাংস্কৃতিক সন্ধ্যায় সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়। 
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পাকিস্তানের চলচ্চিত্রজগতের কিংবদন্তি অভিনেত্রী শবনম। কালো শাড়ি পরা শবনম মিলনায়তনে প্রবেশ করলে উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। দীর্ঘ অভিনয়জীবন এবং বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনে তার পরিচিতির কারণে তাকে ঘিরে অতিথিদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায়। তার উপস্থিতি দুই দেশের চলচ্চিত্রজগতের পুরনো স্মৃতিকে যেন নতুন করে সামনে নিয়ে আসে।
সন্ধ্যার সঙ্গীত আয়োজনেও ছিল দুই দেশের সাংস্কৃতিক ইতিহাসের ছাপ। পাকিস্তানের বর্তমান সময়ের জনপ্রিয় দুই শিল্পী পরিবেশন করেন একসময় দুই দেশের মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে ওঠা কয়েকটি উর্দু গান। একসময় এসব গান গেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ ও ফেরদৌসী বেগম। পুরনো দিনের জনপ্রিয় গানগুলো মিলনায়তনে এক আবেগঘন পরিবেশ তৈরি করে। বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও তার বক্তব্যে গানগুলোর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এসব গান তাকে অনেক বছর পেছনে নিয়ে গেছে। পুরনো দিনের সুন্দর স্মৃতি মনে করিয়ে দিয়েছে। দুই দেশের মানুষের একসাথে কাটানো সময়ের কথাও মনে পড়েছে তার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৫৮ বছর পর পাকিস্তান মিলিটারি একাডেমি পরিদর্শনের সুযোগ হয়েছে তার। সেখানে অনেক পরিবর্তন দেখেছেন। তবে পুরনো পরিচিত পরিবেশের মানুষের কাছ থেকে যে সম্মান ও বন্ধুত্ব পেয়েছেন, তা তাকে আবেগাপ্লুত করেছে।
বক্তব্যে নিজের খেলোয়াড়জীবনের স্মৃতিও তুলে ধরেন তিনি। পাকিস্তানের ফুটবল দলের সাথে একসময় তার সম্পর্ক ছিল। পুরনো সতীর্থদের অনেকেই মারা গেছেন। কারো কারো সাথে আবার দেখা হয়েছে। তিনি বলেন, তার বয়স এখন ৮২ বছর। তারপরও পুরনো সহকর্মীদের সাথে দেখা হওয়াটা তার কাছে আনন্দের।
স্পিকার বলেন, আজকের সাংস্কৃতিক পরিবেশনার পর তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চান না; বরং পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া এবং দুই দেশের শিল্প-সংস্কৃতির পরিচিত গানগুলো আবার শোনার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। 
বাংলাদেশের ফুটবল দলকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনার কথাও তুলে ধরেন স্পিকার। কয়েক দিন আগে ঢাকার স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে বাংলাদেশের দর্শকদের বড় অংশ পাকিস্তানকে সমর্থন করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। পাকিস্তান শেষ পর্যন্ত হেরে গেলেও দর্শকদের ভালোবাসা পেয়েছিল। তিনি বলেন, পাকিস্তানের মানুষের হৃদয় জয় করতেই বাংলাদেশের প্রতিনিধিদলের এই সফর। তার বক্তব্যে দুই দেশের মানুষের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্য বাড়ানোর প্রত্যাশা ফুটে ওঠে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানিয়ে বলেন, হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় একজন মানুষ। অতীতের অনেক স্মৃতি দুই দেশের মানুষের মধ্যে এখনো জীবন্ত রয়েছে। তিনি ১৯৭১ সালের আগের সময়ের জনপ্রিয় গানগুলোর কথা উল্লেখ করেন। গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের পুরনো আবেগ ও স্মৃতির সম্পর্কের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সংসদীয় নেতা নন, তার রয়েছে সমৃদ্ধ ক্রীড়াজীবনও। তিনি একসময় পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ১৯৭০ সালে দলকে নিয়ে তেহরানে খেলতে গিয়েছিলেন। ফুটবলে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাও তাকে সম্মানিত করেছিল। এ ছাড়া তিনি অ্যাথলেট হিসেবেও পরিচিত ছিলেন। অবিভক্ত পাকিস্তান আমলে ১০০ ও ২০০ মিটার দৌড়ে দ্রুততমদের একজন ছিলেন বলে উল্লেখ করেন পাকিস্তানের স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদের সামরিক জীবনের প্রসঙ্গও তুলে ধরেন সরদার আয়াজ সাদিক। তিনি বলেন, বাংলাদেশের স্পিকার একসময় পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছিলেন। অতীতের সাথে বর্তমানের এই সংযোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।
দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে পাকিস্তানের স্পিকার বলেন, দীর্ঘদিনের ব্যবধান ঘুচিয়ে নতুন করে সম্পর্ক এগিয়ে নেয়া প্রয়োজন। সংসদ থেকে সংসদ, সরকার থেকে সরকার, মানুষ থেকে মানুষ এবং ব্যবসা থেকে ব্যবসার মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। দুই দেশের মধ্যে আগের মতো আন্তরিকতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের স্পিকারের এই সফরকে সেই উদ্যোগের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশ থেকে যেমন প্রতিনিধিদল পাকিস্তানে এসেছে, তেমনি পাকিস্তান থেকেও বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানো হবে। বাংলাদেশের প্রত্যাশা পূরণে তারাও চেষ্টা করবেন। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো বেশি যোগাযোগ ও সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর পারিবারিক ইতিহাসের প্রসঙ্গও উঠে আসে। পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরী ছিলেন তার দাদা। সরদার আয়াজ সাদিক বলেন, পাকিস্তানের সংসদীয় ইতিহাসের সাথে এই পরিবারের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিও অনুষ্ঠানে পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনে।
সন্ধ্যার আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাতি ও বাংলাদেশের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। 
পাকিস্তানের স্পিকার জানান, বাংলাদেশের স্পিকারের সফরকে স্মরণীয় করে রাখতে ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচিতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। লাহোরে হাফিজ উদ্দিন আহমদের শিক্ষার্থী, ক্যাডেট ও সামরিক কর্মকর্তা হিসেবে কাটানো সময়ের সাথে সংশ্লিষ্ট পুরনো স্থানগুলো পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। করাচিতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকেরও আয়োজন থাকবে। এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নেয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।