জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : হামিদ আযাদ
জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা এমএ জলিলের মুত্যৃবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ : নয়া দিগন্ত।
ads

 নিজস্ব প্রতিবেদক 
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, শুধু সাময়িক রাজনৈতিক সঙ্কট মোকাবেলার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানালে তা স্থায়ী হবে না। জনগণের আকাক্সক্ষা পূরণ, রাষ্ট্রের গুণগত পরিবর্তন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সুশীল ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের আকাক্সক্ষা শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না, বরং রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছিল। সেই আকাক্সক্ষা পূরণ করতে হলে ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেয়া ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করে সংস্কার পরিষদ গঠন করা হলে বিরোধী দল সরকারের উদ্যোগে সহযোগিতা করবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। তরুণদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা, দলীয় বিবেচনার বাইরে নিয়োগ দেয়া এবং আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই স্বাধীনতার সুফল পাওয়া সম্ভব। মন্ত্রী-এমপি কিংবা তাদের আত্মীয়স্বজনের জন্য এক ধরনের বিচার এবং সাধারণ মানুষের জন্য আরেক ধরনের বিচার চলতে পারে না। জুলাই আন্দোলনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘মেধার ভিত্তিতে নিয়োগ চাই’ এই দু’টি দাবি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে হামিদুর রহমান আযাদ বলেন, অনেকে জীবন দিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ববরণ করেছেন। কিন্তু শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত হয়নি। সামান্য কিছু ভাতা চালু হলেও তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বিচারের দীর্ঘসূত্রতা আবারো বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে।
পতিত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন ঘটনা ও বক্তব্যের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারকে বারবার আলোচনায় আনার সুযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের পর তাদের জামিন করানো এবং বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছাড়িয়ে নেয়ার অভিযোগও রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বিরোধী দলের সমালোচনা এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাথে জড়িতদের দায়মুক্তির প্রসঙ্গ বেশি গুরুত্ব পেয়েছে। যারা মানুষ হত্যা, অগ্নিসংযোগ, গুম ও খুনের সাথে জড়িত, তাদের বিচার ছাড়া মতপ্রকাশের স্বাধীনতার নামে ছাড় দেয়ার সুযোগ নেই।
জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এই নেতা বলেন, বিরোধী দল হিসেবে তারা ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তবে, জুলাইয়ের আকাক্সক্ষা বাস্তবায়ন না করে সেই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। ক্ষমতার পরিবর্তন, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার পরিবর্তন কিংবা সংসদ সদস্যদের পরিবর্তনই জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল না। জনগণ রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন নিশ্চিত করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
সংস্কার পরিষদ গঠন নিয়ে বক্তব্যে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দু’টি ব্যালটে ভোট নেয়া হয়েছিল। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। সংসদকে সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়া হয়নি বলেই আলাদা সংস্কার পরিষদের প্রয়োজন হয়েছিল। গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের ১৮০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে সাংবিধানিক সংস্কার সম্পন্ন করার কথা ছিল। কিন্তু সেই ম্যান্ডেট বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, এখন সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটলে মৌলিক পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে যাবে। অতীতের বিভিন্ন সাংবিধানিক সংশোধনী আদালতে বাতিল হওয়ার উদাহরণ রয়েছে। তাই সংসদের এখতিয়ারের বাইরে থাকা মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।
প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সংশোধনকেন্দ্রিক উদ্যোগ ও বিশেষ কমিটির মাধ্যমে জুলাইয়ের আকাক্সক্ষা পূরণ হবে না। অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয়া হলে বিরোধী দল সহযোগিতা করবে।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে খুন, রাহাজানি, অবিচার ও অর্থনৈতিক সঙ্কট থাকবে না; মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ইনসাফ-ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।