সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুঁজিবাজারে হঠাৎ বড় পতন
ads

অর্থনৈতিক প্রতিবেদক 
পুঁজিবাজারে হঠাৎ করে বড় পতন ঘটল সূচকের। এক দিন আগেও বেশ ভালো পারফর্ম করা বাজারগুলো গতকাল শিকার হলো বড় পতনের। দুই পুঁজিবাজারই এ দিন বড় ধরনের সূচক হারানোর পাশাপাশি অবনতি ঘটে বাজারগুলোর লেনদেনেরও। এ ছাড়া উভয় বাজারেই লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও ফান্ডের ৭৩ শতাংশের বেশি দরপতনের শিকার হয়। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে বিক্রয়চাপের মুখে পড়া বাজারগুলো পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। 
পুঁজিবাজার সংশ্লিষ্টরা দিনের বাজার আচরণে হতাশা ব্যক্ত করেছেন। তারা হঠাৎ পুঁজিবাজারের এমন আচরণের সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারেনননি। বাজারের একটি অংশ মনে করছে বিক্রয়চাপ সৃষ্টি হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। কিন্তু কেন এই চাপ সৃষ্টি হলো তারও সন্তোষজনক কোনো ব্যাখা তারা দিতে পারেননি। অন্য দিকে সাধারণ বিনিয়োগকারীরা মনে করেন, মাসের শেষ সময়ে এসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিতে গিয়েই এ চাপ তৈরি করছে।   
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৪ দশমিক ৭০ পয়েন্ট অবনতির শিকার হয়। ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল দিনশেষে নেমে আসে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে। একই সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর অবনতি ঘটে যথাক্রমে ১৭ দশমিক ২৭ ও ১০ দশমিক ৬২ পয়েন্টে। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই এ দিন ১০৫ দশমিক ৭৯ পয়েন্ট হারায়। এখানে দুই বিশেষায়িত সূচক সিএসেই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি রেকর্ড করা হয় যথাক্রমে ৮১ দশমিক ৩৯ ও ৬৫ দশমিক ৭৬ পয়েন্ট। 
সূচকের এ অবনতি গতকাল দুই বাজারের লেনদেনকেও প্রভাবিত করে। লেনদেনের শুরুর দিকে বাজারের গতি স্বাভাবিক থাকলেও পরবর্তিতে বিক্রয়চাপ দীর্ঘায়িত হতে থাকলে গতি হারায় বাজার। ঢাকা স্টক গতকাল ৯১৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ১৫৯ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইর লেনদেন ছিল এক হাজার ৭৬ কোটি টাকা। লেনদেন কমেছে চট্টগ্রাম শেয়ারবাজারেও। গতকাল সিএসইর লেনদেন ছিল ২৪ কোটি টাকা, যা আগের দিন অপেক্ষা ১১ কোটি টাকা কম। মঙ্গলবার বাজারটির লেনদেন ছিল ৩৫ কোটি টাকা।  
এ দিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ সঙ্কুচিত করা হয়েছে। এখন থেকে তালিকাভুক্ত সব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে না। এ সুযোগের জন্য পরিপালন করতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেয়া শর্ত। মঙ্গলবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
কমিশনের সিদ্ধান্ত অনুসারে, ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি অথবা যেসব কোম্পানি ন্যূনতম ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করছে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে। নতুন সিদ্ধান্তের ফলে জেড ক্যাটাগরির কোনো কোম্পানি এবং বি ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ৫ শতাংশের কম লভ্যাংশ প্রদানকারী কোম্পানি আর ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে না। এদেরকে শেয়ারহোল্ডার অথবা তাদের মনোনীত প্রতিনিধিদের শারীরিক উপস্থিততে এজিএম অনুষ্ঠানের আয়োজন করতে হবে। 
একই সভায় কমিশন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলে আগের কমিশনের নেয়া সিদ্ধান্ত বহাল রেখেছে। এর মাধ্যমে এল আর গ্লোবালের  হাতছাড়া হচ্ছে ছয়টি মেয়াদি মিউচুয়াল ফান্ড। ফান্ডগুলো পরিচালনায় সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে নিয়োগ বাতিলের রিভিউ আবেদন করেছিল।। কিন্তু কমিশনের নেয়া সিদ্ধান্তে  পুনর্বিবেচনার জন্য এলআর গ্লোবালের করা রিভিউ আবেদন খারিজ করে দেয়া হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেডে বিনিয়োগ করা হয়। এতে ফান্ডগুলোর ইউনিটহোল্ডাররা চরম আর্থিক ক্ষতির শিকার হন। এ ঘটনায় জনস্বার্থে কমিশন সভায় সংশ্লিষ্ট ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ফান্ডগুলো হলো- এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। 
গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি ছিল টেক্সটাইল খাতের মালেক স্পিনিং। ৪০ কোটি ৩৭ লাখ টাকায় কোম্পানিটির ৭৬ লাখ ৭৮ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ৪০ কোটি আট লাখ টাকায় এক কোটি ৬২ লাখ ৮২ হাজার শেয়ার বেচাকেনা করে বেক্সিমকো লিমিটেড ছিল লেনদেনের দ্বিতীয় স্থানে। ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে একমি পেস্টিসাইডস, সিটি ব্যাংক, রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইলস ও ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং।