বরিশালে জ্বালানি রূপান্তর ও জন-মালিকানা নিয়ে নীতিসংলাপ
ads

বরিশাল ব্যুরো
নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও টেকসই উন্নয়নের স্বার্থে রাজনৈতিক নেতৃত্ব, সরকারি-বেসরকারি খাত ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এক স্থানীয় নীতিসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম, প্রান্তজন, আভাস ও আরোহীর যৌথ উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
মজিবর রহমান সরোয়ার বলেন, সংলাপের সুপারিশ অনুযায়ী শিগগিরই ‘বরিশাল স্থানীয় জ্বালানি রূপান্তর কমিটি’ গঠন করা হবে এবং বরিশাল টাউন হলে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং শুভঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেটনেট-বিডির সদস্যসচিব ও অ্যাকশনএইড বাংলাদেশের ম্যানেজার আবুল কালাম আজাদ। তিনি জীবাশ্ম জ্বালানির ওপর অতি-নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।
আলোচনায় পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম কিবরিয়া বরিশালে একটি বিশেষায়িত গবেষণা সেল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। আভাসের উপনির্বাহী পরিচালক জান্নাতুল নাইম ঐশী শুল্কছাড় ও প্রণোদনার সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে নিয়মিত তদারকির ওপর জোর দেন। বক্তারা সরকারি-বেসরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, কমিউনিটি সৌর উদ্যোগ, বায়োগ্যাস ও বর্জ্যভিত্তিক জ্বালানি সম্প্রসারণে কর ও বিনিয়োগ সুবিধা বাড়ানোর দাবি জানান।
সংলাপে আরো বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদা খানম, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী দিপক মিস্ত্রি ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: রিয়াজ উল্লাহ বাহাদুর।