পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের
ads

পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ। সংগঠনটি বলেছে, নির্ধারিত মজুরি পর্যাপ্ত না হলেও দেশের শিল্প অর্থনীতি ও অন্যান্য দিক বিবেচনায় আপাতত এ সিদ্ধান্ত মেনে নেয়া হয়েছে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় শ্রমিক, মালিক ও সরকার পক্ষের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার থেকে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে মজুরি নির্ধারণ করা হয়েছে। যদিও নির্ধারিত মজুরি শ্রমিকদের প্রত্যাশার তুলনায় পর্যাপ্ত নয়, তবুও দেশের শিল্প অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত মেনে নেয়া হয়েছে। শ্রমিকদের যার যার কর্মস্থলে যোগদান করে উৎপাদন অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।
নেতারা বলেন, শ্রমিক আন্দোলনের কারণে ইতোমধ্যে দেশের অনেক রফতানি পণ্যের অর্ডার বিদেশে চলে গেছে। দেশের শিল্প ও শ্রমিকদের কর্মস্থল সুরক্ষিত রাখতে সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তারা।
সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের পক্ষ থেকে মজুরি বোর্ডের সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পোশাক শিল্পের শ্রমিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাদের মধ্যে সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আরএমজি সেক্টরে প্রতিনিধিত্বকারী শ্রমিক ফেডারেশনের নেতারা, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশন, পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমজীবী ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।