ছাত্রলীগ নেতাকে পুলিশে দেয়া নিয়ে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ
ads

রাজশাহী ব্যুরো
নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে এবার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদলের দুই পক্ষ। নগরীর সদর হাসপাতাল মোড় ও জাদুঘর মোড় এলাকায় বুধবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
ছাত্রদল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, রাজপাড়া থানা এলাকার টিভি পুকুর এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন ও তার অনুসারীরা। শাহিনুর ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা এবং একটি মামলার আসামি বলে দাবি করেছেন লিমন। এ ঘটনাকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের অপর পক্ষের সাথে তাদের বিরোধ তৈরি হয়।
লিমনের অভিযোগ, শাহিনুরকে পুলিশের হাতে তুলে দেয়ার সময় অপর পক্ষের নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে তাকেও ছাত্রলীগের সহযোগী আখ্যা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করা হয়। এর জের ধরে বাসায় ফেরার পথে বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সদর হাসপাতাল মোড়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।
লিমন ফেসবুক লাইভে অভিযোগ করেন, মান্নাতের নেতৃত্বে পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা ছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ককটেল ব্যবহার করেন।
প্রত্যক্ষদর্শীদের একটি সূত্রের দাবি, উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করেন। সংঘর্ষ একপর্যায়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
তবে অভিযোগের বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বক্তব্য জানতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।