
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলছিল। এর মধ্যেই পুলিশের এক কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন করেন তিনি। প্রায় ১০ মিনিটের ওই কথোপকথনে পুলিশকে ফাঁকি দিয়ে তাদের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে চলে যাওয়ার দাবি করেন রায়হান। তবে অভিযানের সময় পুলিশের পাশ দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ।
গতকাল বুধবার দুপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের সাথে কথোপকথনের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন রায়হান। ৯ মিনিট ৫২ সেকেন্ডের ওই কথোপকথনে তাকে বেশ স্বাভাবিক ও হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায়।
ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানান। স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, আত্মসমর্পণ করলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হবে। জবাবে রায়হান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে চিন্তা করে দেখব। আর আপনি আজকে আমাকে আর পাচ্ছেন কোথায়? আমি তো হাওয়া হয়ে গেছি। আপনার গাড়ি আমার পাশ দিয়ে যাচ্ছিল। আমি তখন সাইকেল চালিয়ে চলে গেছি। আপনি আমাকে চিনতে পারেননি।’
এ সময় হাসতে হাসতে তিনি আরো দাবি করেন, ফটিকছড়ি এলাকা ছেড়ে চলে গেছেন। পুলিশকে তার পেছনে অভিযান চালিয়ে কষ্ট না করার কথাও বলেন তিনি। কথোপকথনের একপর্যায়ে পুলিশ কর্মকর্তার উদ্দেশে রায়হান বলেন, ‘স্যার, আপনি আমাকে বাটি, কালো, খাটো বলছেন, এটা নিয়ে মনে কষ্ট পেলাম স্যার। ঘরের বউ শুনলে কী বলবে! আমি তো এখন সুন্দর হয়ে গেছি স্যার। ক্রিম মেখে। এখন আর কালো নাই।’
ফোনালাপে রায়হান দাবি করেন, এর আগে তিনি আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। এ বিষয়ে পুলিশ সুপার মাসুদ আলমের সাথেও কথা হয়েছিল। তবে সেই আলোচনার কথা ফাঁস হয়ে যাওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায় বলে দাবি করেন তিনি। রায়হানের ভাষ্য, পরে তার কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে নেয়া হয় এবং এ নিয়ে তার সাথে সহযোগীদের বিরোধ তৈরি হয়। পলাতক জীবন তার কাছে কষ্টকর বলে কথোপকথনে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আত্মসমর্পণ করবেন বলেও জানান।
অন্য দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তাকে বোঝানোর চেষ্টা করেন, অপরাধের জীবন কোনো জীবন নয়। আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরামর্শ দেন তিনি।
এর আগে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন।
গুলির ঘটনার পরদিন মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে রায়হান নিজেই গুলি চালানোর কথা উল্লেখ করেন। তবে তার দাবি, আত্মরক্ষার জন্য তিনি গুলি চালাতে বাধ্য হয়েছেন।
গুলির ঘটনার পরপরই রায়হান ও তার সহযোগীদের গ্রেফতারে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ নিজেও ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চান। হ্যান্ডমাইকে রায়হানকে শনাক্ত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ফোনালাপের বিষয়ে এএসপি তারেক আজিজ বলেন, আমাদের পাশ দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। অভিযানের সময় কোনো সাইকেল বা প্রাইভেট কার আসা-যাওয়া করেনি। রায়হানকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং তাকে আত্মসমর্পণ করানোর চেষ্টাও চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









