ঢাবি ভিসির সাথে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ওয়াবদুল ইসলামের সাথে জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ : নয়া দিগন্ত।
ads


জাতিসঙ্ঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন মারিয়া স্মিরনোভা, কাজী মোস্তাকিম আহমেদ, মো: সালায়ে মোস্তফা ও আহমেদ ইমতিয়াজ সামাদ। 
সাক্ষাৎকালে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জানান, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। 
ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন স্কলারশিপ কর্মসূচি, পাঠদান ও শেখার পদ্ধতি এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ শিক্ষা ও গবেষণা কর্মসূচি পরিচালনা করছে। উপাচার্য আরো বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমরা  ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদার করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। 
জাতিসঙ্ঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ফরিদা শহীদ শিক্ষার অধিকার বাস্তবায়ন পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। তিনি মূলত শিক্ষা ক্ষেত্রে অর্থায়ন, ডিজিটালাইজেশন এবং মানসম্মত সরকারি শিক্ষায় সবার জন্য বৈষম্যহীন প্রবেশাধিকারের বিষয়ে আলোকপাত করছেন। জাতিসংঘের বর্তমান দায়িত্বে এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনসহ ঢাকা, বান্দরবান ও সিলেটে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বৈঠক করবেন। বিজ্ঞপ্তি।