
হামিম উল কবির
ঢাকা মহানগরীর পরিকল্পিত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বেশ চাপে আছে। নদী ও জলাশয় রক্ষায় নির্মাণকাজ নিয়ন্ত্রণ, আবাসিক এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, প্লট বরাদ্দে অনিয়ম পর্যালোচনা এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন শনাক্তকরণ- এই চার বিষয়ে সংস্থাটির সাম্প্রতিক উদ্যোগ ও সিদ্ধান্ত বাস্তবায়ন বেশ বেকায়দায় পড়েছে সংস্থাটি। কারণ, পরিকল্পনা করা বা ঘোষণা করা খুবই সহজ কিন্তু বাস্তবায়ন খুবই কঠিন।
নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু নির্দেশনা বা সিদ্ধান্ত ঘোষণা করলেই এসব সমস্যার সমাধান হবে না। প্রয়োজন নিয়মিত তদারকি, আইনের প্রয়োগ এবং সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি। নদী রক্ষায় রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীর থেকে ১০০ মিটারের মধ্যে নতুন কোনো অবকাঠামো নির্মাণের অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভার সিদ্ধান্তের পর রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু ঢাকার এক শ্রেণীর মানুষ আছে যারা আইন মানতেই চান না। শক্ত খুঁটির জোরে এরা সবসময় পার পেয়ে যান। ফলে রাজউক ঘোষণা দিয়ে বসে থাকলে হবে না, সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। আর এখানেই অসহায় সংস্থাটি, কারণ তাদের প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নেই।
রাজউকের কর্মকর্তারা জানিয়েছেন, নদীতীর থেকে ১০০ মিটারের মধ্যে থাকা কোনো স্থাপনার নকশা অনুমোদন করা হচ্ছে না। তবে পরিবেশকর্মীদের আশঙ্কা, শুধু নতুন স্থাপনার অনুমোদন বন্ধ করে নদী রক্ষা সম্ভব হবে না। আগে থেকে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, শিল্পবর্জ্য ও নদীতে পয়ঃবর্জ্য নিঃসরণ বন্ধ এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। অন্যদিকে গুলশান ও বনানী এলাকার লেক দূষণ বন্ধে প্রায় দুই হাজার ৮০০ ভবন মালিককে সেপটিক ট্যাংক ও সোকওয়েল অথবা পয়ঃবর্জ্য শোধনাগার (এসটিপি) স্থাপনের নির্দেশ দেয়া হয়। গত ১৫ নভেম্বরের মধ্যে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণকাজ শুরু করে রাজউককে জানানোর সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ৩০০টি ভবনের মালিক কাজ শুরু করেছেন। বাকি প্রায় আড়াই হাজার ভবনের মালিক নির্দেশনায় সাড়া দেননি। রাজউক জানিয়েছে, প্রথম পর্যায়ে নকশায় সেপটিক ট্যাংক থাকার পরও তা নির্মাণ করেননি এমন এক হাজার ২০০ ভবনের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের মতে, গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায়ও যদি ভবন মালিকদের আইন মানতে বাধ্য করা না যায়, তাহলে রাজধানীর অন্যান্য এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা আরো কঠিন হবে। তবে ভবন মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে, লেক দূষণের জন্য শুধু তাদের দায়ী করা ঠিক নয়; আশপাশের অন্যান্য এলাকার বর্জ্যও লেকে পড়ছে।
রাজউকের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বিশেষ বিবেচনায় বরাদ্দ দেয়া প্লটের অনিয়ম পর্যালোচনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের বিভিন্ন আবাসন প্রকল্পে বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে। এ সময় গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে এ ধরনের প্লট বরাদ্দ দেয়া হয়। এসব বরাদ্দ পর্যালোচনা করে প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান নেই- এমন ব্যক্তিদের প্লট বাতিলের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। সুপারিশমালা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে জমা দেয়া হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর রাজউক এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।
কমিটির অনুসন্ধানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাধারণ কর্মচারী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে বরাদ্দ পাওয়া কিছু প্লট বাতিলের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ক্রীড়া, সংস্কৃতি, বিচার বিভাগ ও সাংবাদিকতায় প্রকৃত অবদান রাখা ব্যক্তিদের ক্ষেত্রে বরাদ্দ বহাল রাখার সুপারিশ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এ ক্ষেত্রে বড় ধরনের আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। কারণ, অনেক প্লটের মালিকানা ইতোমধ্যে একাধিকবার হস্তান্তর হয়েছে। কোনো কোনো প্লটে ভবন নির্মাণ করে ফ্ল্যাটও বিক্রি করা হয়েছে। ফলে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করতে গেলে নতুন মালিকদের আইনি আপত্তি ও মামলা মোকাবেলা করতে হতে পারে।
এদিকে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত করাও রাজউকের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজউক বলছে, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং সেগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিধিমালা ও পদ্ধতি প্রণয়নের কাজ চলছে। শেষ পর্যন্ত এ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে এসবের ঝুঁকি কতটুকু হ্রাস করা যাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, রাজধানীর ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নতুন বিধিমালা প্রণয়ন যথেষ্ট নয়। অনুমোদিত নকশা অনুসরণ করে ভবন নির্মাণ হচ্ছে কি না, নির্মাণের পর অতিরিক্ত তলা যুক্ত করা হচ্ছে কি না এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা ঠিক রয়েছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। চারটি ক্ষেত্রেই রাজউকের সামনে এখন মূল চ্যালেঞ্জ সিদ্ধান্ত বাস্তবায়ন। নদী দখল ও দূষণ বন্ধ, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় ভবন মালিকদের বাধ্য করা, অনিয়মের মাধ্যমে বরাদ্দ পাওয়া প্লটের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করে ব্যবস্থা নিতে না পারলে এসব উদ্যোগের সুফল নগরবাসীর কাছে পৌঁছাবে না।
আইনজীবী মো: সাদ্দাম হোসেন। বিডিআরসিএসের চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন, জ্যেষ্ঠ আইনজীবী শেখ মো: জাকির হোসেন ও আইনজীবী মো: শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









