
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্র্যাজুয়েশন সেরিমনি গতকাল মিরপুর সেনানিবাসে অবস্থিত এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউন্সিল অব এমআইএসটির সভাপতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এমআইএসটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ২৩তম কাউন্সিল সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক অ্যাকাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষ সাধনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া এবং সিদ্ধান্ত নেয়া হয়।
কাউন্সিল সভা শেষে প্রধান অতিথি এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
এ ছাড়া এমআইএসটির ১৯তম গ্র্যাজুয়েশন সেরিমনিতে তিনি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন। সফলভাবে শিক্ষাজীবন সম্পন্ন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন স্পিকার ছিলেন বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও প্রকৌশলী আবুল হায়াত।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।
এমআইএসটির ১৯তম গ্র্যাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট তিন হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৯৪৩ জন সামরিক, দুই হাজার ৭১৮ জন বেসামরিক এবং সাতজন বিদেশী শিক্ষার্থী ছিলেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২০০২-২০০৯ এবং ২০২০-২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ওসমানী মেমোরিয়াল গোল্ড মেডেল’ এবং ৬৫ জন শিক্ষার্থীকে ‘এমআইএসটি মেডেল’ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, স্থানীয় এমপি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির সব সামরিক, অসামরিক কর্মকর্তা-কর্মচারী ও ফ্যাকাল্টি, গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









