জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়। নয়া দিগন্ত গ্রাফিক্স
ads

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে একজন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

নিয়োগপ্রাপ্ত ফাহমিদা সুলতানাকে নবম গ্রেডে প্রভাষক (গণিত) পদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মো: কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ৩০ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকা বেতনক্রমে বেতন-ভাতা পাবেন। তাকে আগামী ৮ ডিসেম্বর ২০২৬ পূর্বাহ্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পেশাগত ও বিশেষ প্রশিক্ষণও নিতে হবে।

তাকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরো দুই বছর বাড়াতে পারবে।

শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শ ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যাবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বুনিয়াদি ও পেশাগত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য যাওয়ার আগে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একজন জামানতদারসহ বন্ড সম্পাদন করতে হবে।

শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালীন বেতন-ভাতা, অগ্রিম, ভ্রমণভাতা ও অন্যান্য ভাতাসহ প্রশিক্ষণের জন্য ব্যয়িত অর্থ সরকারকে ফেরত দিতে হবে।

এছাড়া চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান না করার অঙ্গীকারনামা দিতে হবে।

একইসাথে নিজ ও পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণসংবলিত ঘোষণাপত্র সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে। পরবর্তী সময়ে প্রতি পাঁচ বছর পরপর ডিসেম্বর মাসে সম্পত্তির হ্রাস-বৃদ্ধির হিসাবও দাখিল করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের পর কোনো বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। এছাড়া বিদেশী নাগরিককে বিয়ে করে থাকলে বা বিয়ের অঙ্গীকার করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল হবে। জনস্বার্থে এ নিয়োগ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বাসস