আদালতে জুনাইদ আহমেদ পলক
আদালতে জুনাইদ আহমেদ পলক। সংগৃহীত
ads

পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হওয়ার আশঙ্কা করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এ আবেদন করেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৪ কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো: হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। এ সময় আইনজীবীর মাধ্যমে সিএমএইচে চিকিৎসার আবেদন করেন তিনি।

শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে পুলিশ পাহারায় তাকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হন পলক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিচার চলছে।