উম্মাহর অনৈক্যের ভয়াবহ পরিণতি
ড. আ ফ ম খালিদ হোসেন।
ads



দেড় হাজার বছরের ইতিহাস ও ঘটনাপঞ্জি বিশ্লেষণ করলে দেখা যায়, মুসলিম সমাজে যখন  অনৈক্য, কলহ ও বিভাজন থাকে, তখন ভয়াবহ পরিণতি ডেকে আনে। চরমপন্থী চিন্তাভাবনা এবং পারস্পরিক অসহিষ্ণুতা যখন মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে, তখন উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদেরও প্রাণ হারাতে হয়েছে, যার ফলে সামগ্রিকভাবে মুসলিম সমাজই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে বিষয়গুলোতে ভিন্নমতের অবকাশ আছে, সেখানে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা রাখার পরিবর্তে শালীনতা বিবর্জিত ভাষা ব্যবহার করে পরিস্থিতিকে উত্তপ্ত করা হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দল ও বিভাজনের কারণে উম্মাহর কল্যাণ, ঐক্য ও সংহতির চিন্তায় স্থবিরতা গ্রাস করেছে। সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা হ্রাস পায়। ঐক্যের অভাবে সৃষ্ট দুর্বলতাকে কাজে লাগিয়ে বহিরাগত শক্তিগুলো সহজেই রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক প্রভাব বিস্তার করার সুযোগ পায়। 
ঐতিহাসিকভাবে দেখা যায়, বড় বিপর্যয়ের পেছনে অভ্যন্তরীণ অনৈক্য বড় কারণ হিসেবে কাজ করেছে। বিরোধের পরিবেশে জ্ঞানচর্চা, গবেষণা,  অগ্রগতি, সভ্যতার বিকাশ এবং সৃজনশীল কর্মকাণ্ড ব্যাহত হয়। আলেম-উলামা বা চিন্তাবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থার সঙ্কট তৈরি হয়।
ইসলামের ইতিহাসে যখনই অভ্যন্তরীণ অনৈক্য, গৃহযুদ্ধ বা ক্ষমতার দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে, তখনই মুসলিম সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। অনেক ক্ষেত্রে বাইরের শত্রুর চেয়ে ভেতরের বিভাজনই বেশি সর্বনাশ ডেকে এনেছে। অনেক সময় মুসলিম শাসকরাই নিজেদের সীমান্ত ও ক্ষমতা বাড়াতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। এতে সামরিক ও অর্থনৈতিক শক্তি অপচয় হয়েছে এবং সম্মিলিত পররাষ্ট্রনীতি ব্যাহত হয়েছে। মুসলিম আমির ও শাসকদের মধ্যকার অনৈক্য ও অনাস্থার সুযোগ নিয়ে ক্রুসেডাররা একসময় জেরুসালেম ও পূর্ব ভূমধ্যসাগরের বিস্তীর্ণ অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল। পরবর্তীতে মঙ্গোল আক্রমণের সময়ও খণ্ডিত ও কোন্দলরত মুসলিম রাজ্যগুলো ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়, যার চূড়ান্ত পরিণতিতে ১২৫৮ সালে বাগদাদের পতন ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানি খেলাফতের পতন এবং স্পেনে মুসলিম শাসনের সমাপ্তির পেছনেও ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ার ঘটনাবলি বড় ভূমিকা রেখেছে। নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত থাকায় খ্রিষ্টীয় রাজ্যগুলোর পুনরুত্থানের পথ সহজ হয়ে যায়। অনেক সময় মুসলিম আমিররা প্রতিদ্বন্দ্বী মুসলিম শাসকের বিরুদ্ধে খ্রিষ্টীয় রাজ্যগুলোর সহায়তাও নিতেন, যা দীর্ঘমেয়াদে মুসলিম ভূখণ্ডের পতনের পথ প্রশস্ত করে। 
গ্রানাডার পতনের পর (১৫৬৮-৭১ খ্রিষ্টাব্দ) মুসলমানদের বিদ্রোহ দমনের সময় স্প্যানিশ ও ইউরোপীয় ইতিহাসবিদদের গবেষণা অনুযায়ী, তিন বছরব্যাপী এই দমন অভিযানে প্রায় ৬০ হাজারের মতো মুরিস্কো (যোদ্ধা ও সাধারণ নাগরিক) নিহত হন এবং ১৬০৯ থেকে ১৬১৪ সালের মধ্যে প্রায় দুই লাখ ৭৫ হাজার থেকে তিন লাখ মুরিস্কোকে (নওমুসলিম) স্পেন থেকে জোরপূর্বক উত্তর আফ্রিকা ও উসমানীয় সাম্রাজ্যে নির্বাসিত করা হয়, যাদের মধ্যে যাত্রাপথে, সমুদ্রডুবি ও সংঘর্ষে ১০ হাজার মানুষ প্রাণ হারান। 
আধুনিক যুগে মুসলিম বিশ্বের বড় অংশ ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির অধীনে চলে যাওয়া ও মানচিত্রের পুনর্বিন্যাসের পেছনে অভ্যন্তরীণ দুর্বলতা, রাজনৈতিক বিভক্তি ও কৌশলগত অনৈক্য একটি বড় কারণ ছিল। রাজনৈতিক অস্থিরতা ও আগ্রাসনের ফলে বাগদাদ, কর্ডোভা বা সমরকন্দের মতো জ্ঞানকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়। গ্রন্থাগার, পাণ্ডুুলিপি ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় বহু শতাব্দীর সঞ্চিত জ্ঞান ও গবেষণা নষ্ট হয়। যখনই অনৈক্য ও অবিশ্বাস প্রাধান্য পেয়েছে, তখনই বিজয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।
আব্বাসীয় শাসক আবদুল্লাহ ইবনে আলি দামেস্ক দখল করার পর শহরে ব্যাপক লুটতরাজ ও হত্যাকাণ্ড চালানো হয়। উমাইয়া বংশের পুরুষ সদস্যদের খুঁজে বের করে হত্যা করা হয় এবং এমনকি পূর্ববর্তী উমাইয়া খলিফাদের (যেমন- হিশাম ইবনে আবদুল মালিক) কবর খুঁড়ে অবমাননা এবং ক্ষেত্রবিশেষে হাড়গুলোতে অগ্নিসংযোগ করার ঘটনাও ইতিহাসগ্রন্থগুলোতে উল্লেখ আছে।

বিখ্যাত ব্যক্তিদের শাহাদত
ইসলামের ইতিহাসে অভ্যন্তরীণ অনৈক্য, রাজনৈতিক দ্বন্দ্ব, অসহিষ্ণুতার কারণে বেশ কয়েকজন মর্যাদাবান ও বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব নিজ সম্প্রদায়ের মানুষের হাতেই নিহত বা শহীদ হয়েছেন। এসব ঘটনা মুসলিম উম্মাহর ইতিহাসে গভীর ক্ষত ও শিক্ষণীয় অধ্যায় হিসেবে বিবেচিত। হজরত উসমান ইবনে আফফান রা: ৬৫৬ খ্রিষ্টাব্দে মিসর, কুফা ও বসরা থেকে আগত বিদ্রোহীদের একটি দল খলিফার বাসভবন অবরোধ করে এবং দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে কুরআন তিলাওয়াতরত অবস্থায় বৃদ্ধ খলিফা হজরত উসমান রা:-কে নির্মমভাবে হত্যা করে। 
হজরত আলী ইবনে আবি তালিব রা: ৬৬১ খ্রিষ্টাব্দে সিফফিন যুদ্ধের পর উদ্ভূত চরমপন্থী গোষ্ঠী খারেজিদের সদস্য আবদুর রহমান ইবনে মুলজাম কুফার মসজিদে ফজরের নামাজের সময় বিষমাখানো তরবারি দিয়ে আঘাত করে হজরত আলী রা:-কে গুরুতর আহত করে; এর দু’দিন পর তিনি শাহাদত বরণ করেন। হজরত তালহা ইবনে উবাইদুল্লাহ রা:,  হজরত জুবাইর ইবনুল আওয়াম রা: ও হজরত আম্মার ইবনে ইয়াসির রা:-এর মতো বিখ্যাত সাহাবি স্বধর্মীয় লোকদের হাতে প্রাণ হারান। রাসূলুল্লাহ সা:-এর প্রিয় দৌহিত্র হজরত হুসাইন রা: ইয়াজিদের অন্যায্য শাসনব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে কুফার পথে রওনা হলে কারবালার প্রান্তরে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রেরিত বাহিনীর হাতে পরিবার ও সঙ্গীদের প্রায় ৭০ জনের বেশি সদস্যসহ নির্মমভাবে শাহাদতবরণ করেন।
প্রখ্যাত হাদিসগ্রন্থ সুনানে নাসায়ির সঙ্কলক ইমাম আহমদ ইবনে শুয়াইব আন-নাসায়ি রহ. দামেস্কে অবস্থানকালে হজরত আলী রা:-এর মর্যাদাবিষয়ক গ্রন্থ (খাসায়িসু আলী) রচনা ও পাঠ করলে একদল উগ্র গোষ্ঠী তাকে প্রচণ্ড মারধর করে। সেই আঘাতের জেরেই গুরুতর অসুস্থ হয়ে ফিলিস্তিনের রামলায় তিনি ইন্তেকাল করেন। বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত সেলজুক রাষ্ট্রনায়ক নিজামুল মুলককে চরমপন্থী ইসমাইলি বাতেনি (হাশাশিন) গোষ্ঠীর এক গুপ্তঘাতক সুফি দরবেশের ছদ্মবেশে ছুরিকাঘাত করে হত্যা করে। বিখ্যাত তাফসিরকারক ও ইতিহাসবিদ ইবনে জারির তাবারি ইন্তেকাল করলে ইমাম আহমদ ইবনে হাম্বলের এক শ্রেণীর উগ্র অনুসারী তাকে মুসলমানদের কবরে দাফন করতে বাধা দেয়। ফলে তাকে বাড়ির আঙিনায় দাফন করতে হয়। নবাব সিরাজউদ্দৌলা (১৭৫৭ খ্রিষ্টাব্দ) : পলাশীর যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত ও বন্দী হওয়ার পর মীর জাফরের পুত্র মীরনের নির্দেশে মুহাম্মদী বেগ নামক এক ব্যক্তি বন্দী অবস্থায় নবাব সিরাজউদ্দৌলাকে (১৭৫৭ খ্রিষ্টাব্দ) হত্যা করে।

ঐক্য ও সহিষ্ণুতাই সাফল্যের মাপকাঠি
মুসলিম সমাজ ও উম্মাহর ধ্বংস ও বিপর্যয় বিভেদ ও অনৈক্যের মাঝে নিহিত, এই কথা পরিষ্কার। হালাকু খানের হাতে বাগদাদের পতন, ফার্র্র্ডিন্যান্ডের হাতে স্পেনের পতন, লর্ড ক্লাইভের হাতে বাংলার পতন ছিল মুসলমানদের কলহ, বিভেদ ও অনৈক্যের অনিবার্য ফল। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ ছিল, তখন তাদের অগ্রযাত্রাকে কেউ রুখতে পারেনি। রোমান ও পারস্য সভ্যতা মুসলমানদের পদচুম্বন করেছে। হজরত আমিরে মুয়াবিয়া রা: জনগণকে ঐক্যবদ্ধ ও সুসংহত করে ৫০০ জাহাজের নৌবহর নিয়ে সাইপ্রাস, রোড্স, লেড, সিসিলি ও এশিয়া মাইনরের উপকূলের নিকটবর্তী অন্যান্য গ্রিক দ্বীপ যখন দখল করে তখন মুসলিম বাহিনীকে বাধা দেয়ার মতো শক্তি দুনিয়ার কারো ছিল না। ক্রুসেড বিজয়ী বীরযোদ্ধা সালাহ উদ্দীন আইয়ুবীর হাত থেকে জেরুসালেম নগরী উদ্ধার করার জন্য জার্মানির সম্রাট ফ্রেডারিকা বারবারোসা, ইংল্যান্ডের রাজা রিচার্ড, ফ্রান্সের রাজা ফিলিপস অগাস্টাস, কারাকের শাসনকর্তা রেজিন্যান্ড সম্মিলিত যুদ্ধ চালিয়েও মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তির হাতে পরাজিত হয়েছেন মুসলমানরা বুকের তাজা খুন দিয়ে খ্রিষ্টান সেনাপতি রিচার্ডের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিয়েছে।  উলামাদের ঐক্যবদ্ধ নেতৃত্বের ফলে ভারতের বুক থেকে ইংরেজ শক্তি বিতাড়িত হয়েছে। সুতরাং ইতিহাস প্রমাণ করে, ঐক্য ও সংহতি ইসলামের বিজয় নিশ্চিত করে আর দলাদলি, অনৈক্য ও কলহ মুসলিম উম্মাহর পতন ত্বরান্বিত করে। 

বাংলাদেশে ঐক্যের চেতনা
বাংলাদেশের বিবেচনায় ইসলামী শক্তির ঐক্যের প্রয়োজনীয়তা অতীতের যেকোনো পরিস্থিতি ও সময়ের তুলনায় এখন অনেক বেশি। আন্তর্জাতিক প্রেক্ষাপট, দেশীয় রাজনীতির ঘটনাপ্রবাহ এবং ভৌগোলিক অবস্থানের কারণে ইসলামী শক্তির একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একান্ত প্রয়োজন। ঐতিহ্যগতভাবে এ দেশে ইসলামী শক্তির এক মজবুত ভিত্তি রয়েছে। বাংলাদেশে লাখ লাখ আলেম, ইসলামী স্কলার, ওয়ায়েজ, হক্কানি পীর ও মাশায়েখ আছেন যাদের সাথে তৃণমূল পর্যায়ে জনগণের সংযোগ রয়েছে। এসব দ্বীনি ব্যক্তিত্বের মেহনতের ফলে বিপুল জনগোষ্ঠী দ্বীনমুখী হয়েছে। ইসলামের বুনিয়াদি ইলম, জিহাদি জজবা ও আখিরাতের চেতনায় জনগণ উদ্বুদ্ধ হচ্ছে। দ্বীনের মুহাব্বত ও ইসলামী আদর্শের চেতনাবোধ জনগণের মাঝে এত প্রবল যে, কোনো মুরতাদ বা ধর্মদ্রোহী ইসলাম, কুরআন বা মহানবী সা: সম্পর্কে বিষোদগার করতে রীতিমতো ভয় পায়। কদাচিত অশালীন মন্তব্য করলেও ঈমানদার জনগণ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। কিন্তু বাংলাদেশের ইসলামী শক্তিগুলো বিচ্ছিন্ন থাকায় রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা স্বপ্নই রয়ে গেল। এ সুযোগে ইসলামের চিহ্নিত শত্রুরা নানামুখী চক্রান্ত, ভ্রান্ত মতবাদ ও অপসংস্কৃতি দ্বারা সমাজকে বিষিয়ে তোলার প্রয়াস পাচ্ছে। ইসলামী ব্যক্তিত্বদের চরিত্র হনন করা হচ্ছে। বিভিন্ন মাসলাকের অনুসারীরা দেশের বিভিন্ন সেক্টরে যেভাবে ইখলাসের সাথে দ্বীনের যতটুকু খিদমত আঞ্জাম দিচ্ছেন সবার খিদমতের কদর করা প্রয়োজন। নিজেদের প্রচেষ্টাকে ইসলামের একমাত্র খিদমত মনে করলে এবং অন্যদের খিদমতকে মামুলি ও নগণ্য মনে করলে ঐক্যপ্রক্রিয়া হুমকির সম্মুখীন হবে। সবার খেদমত একে অপরের পরিপূরক ও সম্পূরক। সবাই একই লক্ষ্যের অভিসারী, একই মনজিলের অভিযাত্রী। মাদরাসা, মসজিদ, খানকাহ, ওয়াজ, দারুল ইফতা, হালকায়ে জিকির, তাবলিগ, দ্বীনি সাহিত্য ও সংবাদপত্র ইসলামী রাজনীতির খেদমতের সাথে জড়িত, সে বিচ্ছিন্ন ব্যক্তিগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জমায়েত করে যদি সংগঠিত করা যায় তাহলে ইসলামের বিজয় সুনিশ্চিত। গলিত সিসার প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ ইসলামী শক্তির মোকাবেলা করা অপশক্তির এদেশীয় দোসরদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। বাড়াবাড়ি ও অহংবোধের শিকার হয়ে আমরা যেন মহান আল্লাহর রাসূল সা:-এর ঐক্যের সে ঐতিহাসিক বাণীগুলো ভুলে না বসি এবং ইতিহাস থেকে যেন শিক্ষা নিই। 
লেখক : সাবেক উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার