বাংলাদেশ, বাংলাদেশী, প্রবাসী, মৃত্যু, বাংলাদেশ হাইকমিশন, জয়পুরহাট, ফরিদপুর, মালদ্বীপ, মালদ্বীপ প্রবাসী, মসজিদ, মর্গ, লাশ উদ্ধার, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড
মৃত বাংলাদেশী প্রবাসীরা। নয়া দিগন্ত
ads

মালদ্বীপে একদিনের ব্যবধানে পৃথক ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

মৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল মালেক ওরফে খোকা মণ্ডলের ছেলে মো: রেজাউল করিম ও ফরিদপুরের সদরপুর উপজেলার লতিফ কাজীর ডিঙ্গি গ্রামের মিয়া খানের ছেলে কুরমান।

রেজাউলের এলাকার মালদ্বীপ প্রবাসী মো: মানিক হোসেন ও তার ছোট মেয়ের জামাতা নাসিবুল জানায়, জীবিকার সন্ধানে ২০১৩ সালে মালদ্বীপে পাড়ি জমান রেজাউল। দীর্ঘদিন দেশটির বিভিন্ন দ্বীপে কাজ করলেও বেশির ভাগ সময়ই তিনি অনিয়মিত অবস্থায় ছিলেন। সর্বশেষ দেশটির রা-আতুলের বাধু দ্বীপে বাংলাদেশীদের পরিচালিত একটি গেস্টহাউসে রাঁধুনির কাজ করতেন রেজাউল।

তারা জানায়, গত সোমবার ভোর ৪টার পরে রাজধানী মালে থেকে প্রায় ১৯৫ কিলোমিটার দূরের বাধু দ্বীপের স্থানীয় একটি মসজিদ থেকে রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়া এক বাংলাদেশী প্রথমে তার লাশ দেখতে পান।

নাসিবুল জানান, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রেজাউলের রুমমেটরা ফোন করে তাকে মৃত্যুর খবর দেন। প্রথমে আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ ও চিকিৎসকের প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর কথা উল্লেখ করা হয়। এদিকে লাশ দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেছে নিহতের পরিবার। বর্তমানে রেজাউলের লাশ রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে।

এদিকে, গত রোববার স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান আরেক প্রবাসী বাংলাদেশী কুরমান। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও মেডিক্যাল রিপোর্টে তার মৃত্যুর কারণ স্ট্রোক উল্লেখ করা হয়েছে। মৃত কুরমান দীর্ঘদিন মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে অনথিভুক্ত অবস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে তার লাশ রাজধানী মালের একটি মর্গে রাখা হয়েছে।

হাইকমিশন আরো জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে, হাইকমিশনের সহযোগিতায় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আগামী শুক্রবার দুই প্রবাসীর লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় হাইকমিশন।