বাখরাবাদের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
বাখরাবাদের অভিযানে ১৮ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। নয়া দিগন্ত
ads

কুমিল্লার তিতাস উপজেলায় অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১৮টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৩টি রাইজার কর্তন ও পাঁচজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বাতাকান্দি বাজারের মাজারের দক্ষিণ পাশ ও দক্ষিণ আকালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিজিডিসিএল কুমিল্লা কার্যালয়ের জনসংযোগ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিডিসিএল-এর গৌরীপুর বিক্রয় কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহার, অবৈধ বুস্টার ব্যবহার এবং নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের দায়ে ১৮টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে অবৈধ সংযোগের কারণে দু’টি, অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে তিনটি, অবৈধ বুস্টার ব্যবহারের কারণে একটি ও নকশাবহির্ভূত স্থানে গ্যাস ব্যবহারের কারণে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া ১১টি আইডল রাইজারসহ মোট ১৩টি রাইজার কর্তন করা হয়। বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ ও সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিজিডিসিএলের ডিজিএম (ভিজিল্যান্স) প্রকৌশলী মো: আবদুর রাজ্জাক, ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক (ভিজিল্যান্স) রাকিবুল ইসলাম, সেফটি ও সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।