ব্যাটিংয়ে বিপর্যয়-বোলিংয়ে নির্বিষ-কোণঠাসা শান্ত বাহিনী
ads

জসিম উদ্দিন রানা 
হার নয়, লড়াই না করাটাই বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ। একটি টেস্ট ম্যাচে হারতেই পারে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, তাদের মাটিতে খেলাও সহজ নয়। কিন্তু হারার আগে ন্যূনতম লড়াই তো করতে হবে! প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মানসিকতা থাকতে হবে; অথচ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যা করছে, তাকে ক্রিকেটীয় লড়াই বলার কোনো সুযোগ নেই। ব্যাটাররা ব্যর্থ, বোলাররাও যেন অসহায় দর্শক। মাঠে নামার আগেই কি হারের মানসিকতা নিয়ে এসেছে শান্ত বাহিনী? 
প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানে গুটিয়ে যাওয়া শুধু একটি স্কোর নয়, দেশের টেস্ট ক্রিকেটের জন্য বিব্রতকর এক অধ্যায়। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে এর আগে কোনো টেস্টের প্রথম ইনিংসে এত কম রানে অলআউট হয়নি কোনো দল। ৩৩.৩ ওভারে শেষ বাংলাদেশের ইনিংস। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। মাহফুজুল ইসলাম সর্বোচ্চ ২৩, তৌহিদ হৃদয় ১৯ ও মুমিনুল হক ১৮। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সংগ্রহ মাত্র ৪ রান। লিটন দাসের ব্যাট থেকে এসেছে ৮। অন্যদের অবস্থা আরো করুণ। 
প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন খেলার অভিজ্ঞতা কোথায় গেল? দক্ষিণ আফ্রিকার পেসাররা যে গতিতে বল করবেন, সেটি কি বাংলাদেশের ব্যাটারদের অজানা ছিল? মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা কিংবা অ্যানরিখ নরকিয়ার বিপক্ষে খেলতে নামলে যে ধৈর্য, টেকনিক ও সাহসের প্রয়োজন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি। কেউ উইকেট বিলিয়েছেন অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে, কেউ আবার গতির কাছে পরাস্ত হয়েছেন। অধিনায়কের দায়িত্বও যেন ব্যাট হাতে ভুলে গেছেন শান্ত। 
রাবাদা ও ইয়ানসেন তিনটি করে উইকেট নিয়েছেন। নরকিয়ার শিকার দু’টি। অথচ ৮৫ রানে ৬ উইকেট হারানোর পর শেষ ৪ উইকেট পড়েছে মাত্র ৬ রানের ব্যবধানে। এ কেমন ব্যাটিং! টেস্ট ক্রিকেটে উইকেটের মূল্য বোঝার মতো ব্যাটার কি বাংলাদেশ দলে নেই? 
ব্যাটারদের ব্যর্থতার পর বোলারদের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল। রান কম হওয়ায় বোলাররা চাপে ছিল ঠিক আছে। কিন্তু সেখানেও হতাশা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের সামনে বাংলাদেশের বোলিং আক্রমণ যেন ধারহীন। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ- কারো বোলিংয়েই সেই আগুন কিংবা ধারাবাহিকতা নেই। প্রথম ইনিংসে ৯১ রান করার পর প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে শুরুতেই উইকেট প্রয়োজন ছিল। অথচ স্বাগতিক ব্যাটাররা সহজেই রান তুলেছেন। এবাদত হোসেন ২১ রানের বিনিময়ে আউট করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে। কিন্তু তাতে ম্যাচের চিত্র বদলায়নি। শরিফুল ও খালেদ যখন উইকেট পেয়েছেন তখন প্রোটিয়াদের রান ধরাছোঁয়ার  বাইরে। 
প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৮৮ রানে এক উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরের মাত্র তিন রান পেছনে ছিল। দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা। বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেননি। ৯১ রানের পুঁজি নিয়ে টেস্ট জেতার স্বপ্ন দেখা বাস্তবতা থেকে বহু দূরের ব্যাপার। সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যর্থতার দায় নেবে কে? শুধু ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বোলাররা পার পেয়ে যাবেন? কিংবা কোচিং স্টাফের পরিকল্পনার কথা বলে ক্রিকেটাররা নিজেদের দায় এড়াবেন? আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি বিভাগকে দায়িত্ব নিতে হয়। ব্যাটাররা রান করবেন, বোলাররা উইকেট নেবেন, ফিল্ডাররা সুযোগ কাজে লাগাবেন। বাংলাদেশ যেন তিন বিভাগেই দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। 
প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু উল্টো আরো বিপর্যস্ত বাংলাদেশ। প্রশ্ন উঠতেই পারে, বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি আসলে কোথায়? মাঝে মধ্যে বিচ্ছিন্ন কিছু জয় কিংবা ব্যক্তিগত সাফল্য দিয়ে ক্রিকেটের সামগ্রিক দৈন্য ঢেকে রাখা যায় না। 
সেঞ্চুরিয়নের এই বিপর্যয় তাই শুধু একটি ম্যাচের ব্যর্থতা নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সামর্থ্য ও প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার উপলক্ষ। হারের চেয়েও লজ্জার বিষয় হলো, লড়াই করার ন্যূনতম সামর্থ্যটুকুও মাঠে দেখাতে না পারা। এমন ক্রিকেটের জন্য কি এত প্রস্তুতি, এত আয়োজন? উত্তরটা ক্রিকেটার এবং সংশ্লিষ্টদেরই দিতে হবে।