৫৩ বলে সূর্যবংশী ২০৪ রান
৫৩ বলে সূর্যবংশী ২০৪ রান।
ads

ক্রীড়া ডেস্ক
বয়স মাত্র ১৫ বছর। অথচ ব্যাট হাতে প্রতিনিয়ত চমকে দিচ্ছেন ক্রিকেট-বিশ্বকে। জন্মেছেন একের পর এক রেকর্ড গড়তে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গতকাল ২৫৪ রান করেছে ভারত ‘এ’ দল। এর মধ্যে ৫৩ বল মোকাবেলায় ২০৪ রানই বৈভব সূর্যবংশীর। যাতে ছিল ২৮টি ছক্কা ও সাতটি চার। এক ম্যাচেই একাধিক বিশ্বরেকর্ড। লিস্ট ‘এ’ ক্রিকেটে এই বিশ্বরেকর্ড ভারতের বিস্ময়বালকের। তার এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে সাত উইকেটের বড় জয় পেয়েছে ভারত ‘এ’ দল।
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে আট উইকেটে ২৪৯ রান করে আরব আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ১৩০ রান করেন হারপ্রিত সিং ভাটিয়া। ভারতের হয়ে চার উইকেট নেন আরশাদ খান। 
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন বৈভব। মাত্র ১৬ বলে তুলে নেন নিজের অর্ধশতক। এরপর মাত্র ২৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ২৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের। শতক হাঁকানোর পর যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ৪০ বলে ১৫০ এবং ৫২ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। ১০৩ বলে দ্বিশতক করে আগের রেকর্ডটি ছিল চ্যাড বোয়েসের।
৫৩ বলের ইনিংসে বৈভব মেরেছেন ২৮টি ছক্কা ও সাতটি চার। পুরুষদের পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। খেলা শেষ করার জন্য আরেকটি ছক্কা মারতে গিয়ে লং-অফে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের সময় জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে তিন উইকেট হারিয়ে ২৫৪ রান তুলে সাত উইকেটের জয় নিশ্চিত করে ভারত ‘এ’। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে তারা। তবে জয় ছাপিয়ে এদিন ক্রিকেটবিশ্বের আলোচনার কেন্দ্রে এখন অবিশ্বাস্য ইনিংস খেলা বৈভব সূর্যবংশী।