বাংলাদেশকেই কেন পছন্দ অ্যাকারম্যানের
শতরান করার পর দক্ষিণ আফ্রিকান ব্যাটার মার্কোস অ্যাকারমান : ক্রিকইনফো।
ads

ক্রীড়া প্রতিবেদক 
বাংলাদেশকে পেলেই যেন  চার ছক্কার ফুলঝুরি ছুটে মার্কোস অ্যাকারমানের ব্যাটে। বাংলাদেশের বোলারদের পেলে এত সাবলীলভাবে খেলেন, মনে হয় তারা যেন নস্যি। গতকাল নাম লেখালেন রেকর্ড বইয়ে। মাত্র চার টেস্টের ক্যারিয়ারে যা করছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেয়ার মতো। দু’টি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে দু’টি সেঞ্চুরিই বাংলাদেশের বিপক্ষে। দু’বারই সেঞ্চুরি করেছেন ওয়ানডে মেজাজে। সেঞ্চুরিয়নে গতকাল ১৩৭ বলে ১৫০ রান করে টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্রুততম ১৫০ রানের কীর্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন অ্যাকারম্যান। মাত্র ১৬ মাস লেগেছে পুরনো রেকর্ড ভাঙতে। গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেক প্রোটিয়া ব্যাটার লুহান দ্রে প্রিটোরিয়াস ১৫৭ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন। প্রিটোরিয়াস গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ বলে ১৫৩ রান করেছিলেন পাঁচ নম্বরে নেমে।  
কিন্তু অ্যাকারমানের কাজটা তুলনামূলক কঠিন। কারণ, মিডল অর্ডার ব্যাটারদের নতুন বল খুব একটা মোকাবেলা করতে হয় না। তবে অ্যাকারমান ওপেনার হওয়ায় নতুন বলে খেলতে হয় বেশি। কিন্তু তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। স্ট্রাইকরেট রাখেন ৯০ থেকে ১০০-এর ঘরে। পুল-হুক যেমন করেন, তেমনি স্কয়ার কাট, কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ- অফসাইডের এসব শটও ছিল দেখার মতো।  
৫৩ বলে ৪৬ রানে গতকাল অ্যাকারমান শুরু করেন দ্বিতীয় দিনের খেলা। তিন অঙ্ক ছুঁতে তার লেগেছে আরো ৫৮ বল; অর্থাৎ ১১৮ বলে করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় বলে। যে ৩৪তম ওভারে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন, সেই ওভারটা করেছেন শরীফুল ইসলাম। শরীফুলকে চারটা চার মারেন প্রোটিয়া বাঁ হাতি ওপেনার। সেঞ্চুরির পর আরো বিস্ফোরক হয়ে ওঠেন। ৩৬তম ওভারে নাজমুল হোসেন শান্তকে পিটিয়ে একাই সেই ওভার থেকে প্রোটিয়া ওপেনার নেন ২০ রান। দু’টি করে চার ও ছক্কা মারেন অ্যাকারমান। ফের যখন তিনি শরীফুলকে পেয়েছেন, আরো তাণ্ডব চালিয়েছেন। ৪২তম ওভারে নেন ১৫ রান। যার মধ্যে দু’টি চার ও এক ছক্কা মারেন। ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে চার মেরে ১৫০ পূর্ণ করেন অ্যাকারমান। ঠিক তার পরের বলে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল। অ্যাকারমান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করেন তিনি। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে জর্জি-অ্যাকারমানের ৭৮ বলে ৭৪ রানের জুটি। এর আগে দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার সাথে ৯৬ রানের জুটি গড়েন অ্যাকারমান। 
ক’দিন আগে জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অ্যাকারমান করেন ১৫৭ রান। ১৬৪ বলে ২১ চার ও ১ ছক্কা মেরেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে প্রিটোরিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২৫৬ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ২৩৭ বলের ইনিংসে ২৪ চার ও ৭ ছক্কা মেরেছিলেন তিনি। 
অ্যাকারমানের আন্তর্জাতিক ক্রিকেটে চার টেস্টেও ছয় ইনিংসেই তিনি ওপেনিং করেছেন। ৭৮.৩৩ গড়ে করেছেন ৪৭০ রান। সবই খেলেছেন দেশের মাঠে।