
মমতাজ উদ্দিন আহমদ
বিশ্ব জাহানের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা এই বিশ্ব জগতকে কোনো বিশৃঙ্খলা, আকস্মিকতা বা অন্ধ আন্দাজ-অনুমানের ওপর ভিত্তি করে সৃষ্টি করেননি। ক্ষুদ্রতম পরমাণু থেকে শুরু করে সুবিশাল গ্যালাক্সি এবং নির্জীব প্রকৃতি থেকে শুরু করে মানুষের ব্যক্তিক ও সামাজিক জীবন সব কিছুই মহান আল্লাহর সুনির্দিষ্ট, নিখুঁত এবং পরিবর্তনহীন নিয়মনীতির অধীনে প্রবহমান। মহাবিশ্বের প্রাকৃতিক শক্তিগুলোর জন্য তিনি যেমন ভৌত আইন নির্ধারণ করেছেন, তেমনি মানব সমাজের ভাগ্যোন্নতি, উত্থান-পতন এবং জাতীয় পরিণতির জন্যও তিনি নির্দিষ্ট ও অলঙ্ঘনীয় ঐতিহাসিক আইন নির্ধারণ করে দিয়েছেন।
আল্লাহ তায়ালা বিশ্বজাহানকে আকস্মিক কোনো ঘটনা হিসেবে নয়, বরং সুনির্দিষ্ট পরিমাপ ও শৃঙ্খলার মাধ্যমে পরিচালনা করছেন। এখানে কোনো অরাজকতা বা এলোমেলো ভাব নেই। মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ তায়ালা এর স্পষ্ট ঘোষণা দিয়েছেন : ‘আমি প্রতিটি বস্তুই সৃষ্টি করেছি সুনির্দিষ্ট পরিমাপে।’ (সূরা আল-কামার : ৪৯)
অন্যত্র এর সুদৃঢ় ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে : ‘সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা; আর প্রতিটিই নিজ নিজ কক্ষপথে ভেসে চলেছে।’ (সূরা ইয়াসিন : ৪০)
প্রকৃতির এই অলঙ্ঘনীয় শৃঙ্খলাই প্রমাণ করে যে, বিশ্বমালিক তাঁর সাম্রাজ্য কোনো আন্দাজ-অনুমানের ভিত্তিতে নয়, বরং চরম জ্ঞান, প্রজ্ঞা ও ক্ষমতার সাথে সুনির্দিষ্ট নিয়মে শাসন করছেন।
প্রাকৃতিক জগতের মতো মানুষের রাজনৈতিক, সামাজিক ও নৈতিক জীবনের ইতিহাসও একটি নির্দিষ্ট নিয়মে চলে। কুরআন এই নিয়মকে ‘সুন্নাতুল্লাহ’ বা ‘আল্লাহর সুনির্দিষ্ট নীতি’ হিসেবে অভিহিত করেছে। মানুষের ভাগ্যোন্নতি ও অধঃপতন কোনো আকস্মিক ভাগ্যচক্র নয়, বরং এটি তাদের নিজেদের কর্ম এবং আল্লাহর এই নীতিরই ফসল।
আল্লাহ তায়ালা কুরআনে স্পষ্ট করে দিয়েছেন : ‘তুমি আল্লাহর বিধানে (সুন্নাহ) কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর বিধানে কোনো ব্যতিক্রমও দেখবে না।’ (সূরা ফাতির : ৪৩)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-ও তাঁর হাদিসে এই সামাজিক বিধানের প্রতি গুরুত্বারোপ করেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে উমর রা: থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা: বলেছেন : ‘যখন কোনো জাতি অঙ্গীকার ভঙ্গ করে, তখন তাদের ওপর শত্রুকে বিজয়ী করা হয়... এবং যখন তাদের নেতারা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, তখন তাদের মধ্যে পারস্পরিক সঙ্ঘাত ছড়িয়ে দেয়া হয়।’ (ইবনে মাজাহ : ৪০১৯)
আল্লাহর এই চিরন্তন আইনের অন্যতম প্রধান ধারা হলো কোনো জাতির সমৃদ্ধি বা ধ্বংস তাদের বংশীয় পরিচয়, স্থান বা মুখের দাবির ওপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে তাদের নৈতিক চরিত্র এবং ক্রিয়াকলাপের ওপর।
পরিবর্তন মানুষের নিজেদের কর্মের ওপর নির্ভরশীল : আল-কুরআনের সূরা আর-রা’দের ১১ নম্বর আয়াতের ঘোষণা হচ্ছে- ‘আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।’
যে জাতি নিজেদের শক্তি, ক্ষমতা ও নিয়ামতের অকৃপণ অপব্যবহার করে ধ্বংসাত্মক কাজে মেতে ওঠে, আল্লাহর আইন অনুযায়ী তাদের পতন নিশ্চিত। আল্লাহ বলেন : ‘আর যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার সচ্ছল লোকদের (সৎ কাজের) আদেশ দিই, এরপর তারা সেখানে পাপাচার করে; তখন তার ওপর বাক্য অবধারিত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণ ধ্বংস করে দিই।’ (সূরা আল-ইসরা : ১৬)
আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব নেই। ইতিহাস সাক্ষী যে জাতিই আল্লাহর নির্ধারিত সত্য, ইনসাফ ও যোগ্যতার মানদণ্ডে উন্নীত হয়েছে, সাময়িকভাবে হলেও দুনিয়ার শাসনভার ও কর্তৃত্ব তাদের হাতেই ন্যস্ত হয়েছে। আর যারা অবিচার, অধঃপতন ও অনাচারে লিপ্ত হয়েছে, তারা ইতিহাস থেকে মুছে গেছে।
হজরত আবু মুসা আশআরী রা: থেকে বর্ণিত, মহানবী সা: বলেছেন : ‘আল্লাহ নিশ্চয়ই অত্যাচারীকে দীর্ঘ সময় ছাড় দেন; কিন্তু অবশেষে যখন তাকে পাকড়াও করেন, তখন আর তাকে মুক্তি দেন না।’ এরপর তিনি কুরআনের এই আয়াত পাঠ করলেন : আর এভাবেই তোমার প্রতিপালকের পাকড়াও হয়, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। নিশ্চয়ই তাঁর পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অত্যন্ত কঠোর।’ (বুখারি : ৪৬৮৬, সূরা হুদ : ১০২)
পরিশেষে বলা যায়, দুনিয়ার এই সুবিশাল কারখানা কোনো উদ্দেশ্যহীন খেয়ালখুশির জায়গা নয়। অগ্নির উত্তাপ যেমন সত্য, সঠিক পথে চললে উন্নতির আলো পাওয়া এবং ভুল ও ধ্বংসাত্মক পথে চললে অধঃপতনের অন্ধকারে নিক্ষিপ্ত হওয়াও তেমনই আল্লাহর এক অবিনাশী চিরন্তন আইন।
আজ আমাদের ব্যক্তি ও জাতীয় জীবনের সঙ্কট কাটাতে হলে এই বাস্তবতা অনুধাবন করা অপরিহার্য কেবল ফাঁপা দাবি বা মুখের প্রার্থনায় ভাগ্য বদলাবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, অনাচার বর্জন এবং নিজেদের নৈতিক দিক থেকে গঠনমূলক যোগ্যতায় রূপান্তর করাই হলো আল্লাহর চিরন্তন আইন অনুযায়ী সফলতার একমাত্র পথ।
লেখক : প্রাবন্ধিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









