শিশু কি কথা বলতে দেরি করছে?
শিশু কি কথা বলতে দেরি করছে?।
ads

ডা. আহাদ আদনান

শিশুর স্বাভাবিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কথা বলতে শেখা। মায়েরা তাদের অভিজ্ঞতার আলোকে কিংবা অন্য বাচ্চাদের তুলনায় একটু দেরি হলে চিন্তিত হয়ে পড়েন- আমার বাচ্চা এখনো কথা বলছে না কেন। আবার অনেকেই ভয় পান, এটা অন্য কোনো রোগের লক্ষণ কিনা। 
প্রথমেই আমাদের জানতে হবে বয়সের সাথে সাথে শিশু কী কী শব্দ করে বা ভাষার প্রয়োগ করে। একটি কথা মনে রাখবেন, সব বাচ্চার স্বাভাবিক বিকাশ একই সময়ে নাও হতে পারে। কিছুটা আগে-পরে হিসাব করেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়।
জন্মের প্রথম ২ মাস শিশু তার প্রয়োজন বা সমস্যা অনুযায়ী কান্না করে চাহিদার জানান দেয়। আবার পরিচিত কারো শব্দ শুনলে সে শান্ত হয়। 
২ মাস পার হলে সে একধরনের কিচিরমিচির (কু কু) শব্দ করে। ৪-৫ মাস হলে হাসির শব্দ করে। 
৫-৭ মাসের দিকে সে বুদ্বুদের মতো ‘বা’, ‘ডা’ জাতীয় শব্দ করে। এটাই ৯-১০ মাসের দিকে ‘বাবা’, ‘ডাডা’তে রূপ নেয়। 
১ বছরের দিকে এসে সে ১টি অর্থবোধক শব্দ উচ্চারণ করতে শেখে। পরবর্তী দু-এক মাসে অনেকে ৩টি পর্যন্ত শব্দ বলতে পারে। 
এই সংখ্যা বাড়তে বাড়তে দেড় বছরের দিকে ১০-২০ শব্দে রূপ নেয়। এই সময় শিশু ২টি শব্দ জোড়া লাগিয়ে বলতে পারে (যেমন- মাম খাব, ভাত দাও ইত্যাদি। 
২ বছরের দিকে এরকম জোড়া শব্দ বলা, শব্দ সংখ্যা বৃদ্ধি, তাকে কোনো কিছু করতে বললে বুঝতে পারা চলতে থাকে। 
আড়াই থেকে ৩ বছরের দিকে প্রথমে ৩ শব্দের বাক্য, পরে ৪ শব্দের বাক্য বলা শিখতে পারে। 
৪ থেকে ৫ বছরে হাজারের ওপর শব্দ শেখা, সচ্ছন্দে কথা বলা রপ্ত হয়ে যায়। 
এবার জানতে হবে বয়স অনুযায়ী কী কী ‘না পারলে’ সতর্ক হতে হবে। এগুলোকে আমরা বলি লাল-পতাকা চিহ্ন।
৬ মাস হয়ে গেছে কিন্তু শিশু হাসছে না, কিচিরমিচির শব্দ করছে না, কিংবা আপনি শব্দ করলেও ওর কোনো ভ্রুক্ষেপ নেই।
৯ মাস হয়ে গেছে কিন্তু বা, ডা, অথবা বুদ্বুদের মতো শব্দ করছে না। 
১২ মাস হয়ে গেছে কিন্তু কোনো অর্থবোধক শব্দ বলছে না, কোনো বস্তুর প্রতি আঙুল দিয়ে দেখাচ্ছে না, আপনার ছোট সহজ কোনো নির্দেশনা বুঝছে না, অথবা আপনার চোখের দিকে তাকাচ্ছে না। 
১৮ মাস হয়ে গেছে কিন্তু শব্দ শিখেছে ৮-১০ এর কম, আপনার কথার প্রতি-কথা বলছে না। 
২৪ মাস হয়ে গেছে কিন্তু শব্দ জানে ৫০ এর কম। ২ শব্দ জোড়া লাগিয়ে কথা বলতে পারে না। ছোট ছোট নির্দেশ বুঝে না। 
এছাড়া আগে পারত বা জানত, কিন্তু এখন পারছে না, অর্থাৎ শিখে যাওয়া জিনিস ভুলে যাচ্ছে, এটা যেকোনো বয়সেই ভয়ের কারণ। 
মায়েরা অটিজম নিয়েও ভয়ে থাকেন। অটিজম আক্রান্ত শিশুরা সাধারণত অন্যের সাথে পারস্পরিক বোঝাপড়ায় পিছিয়ে পড়ে, অর্থহীন কোনো একটি কাজ বারবার করতে থাকে, আর তাদের সাথে কথা বললে চোখের সাথে চোখের কোনো সংযোগ করা যায় না। 
লেইট ব্লুমার (Late bloomer) কারা : দেড় থেকে আড়াই বছর বয়সের কিছু বাচ্চা থাকে, যাদের বিকাশের অন্যান্য ভাগ স্বাভাবিক থাকে, চোখে তাকিয়ে কথা শোনা ঠিকঠাক থাকে, খেলাধুলা, শরীর নাড়ানো ভালো থাকে। এরা শুধু কথা বলতেই দেরি করে। ইংরেজিতে ব্লুম মানে ফুল ফোটা। অর্থাৎ ফুলের মতো শিশুদের কথা ফুটবে, শুধু একটু দেরি হচ্ছে এই যা। পরবর্তীতে এরা স্বাভাবিক কথা বলা শিখে গেলে আমরা বলি লেইট ব্লুমার। 
এই প্রতিটি জিনিস নির্ণয় করা এবং চিকিৎসা করা বেশ জটিল। এই বিষয়ের বিশেষজ্ঞ ছাড়া অন্য কেউ সঠিক পরামর্শ দিতেও পারেন না। তাই আপনার শিশুর এ ধরনের কোনো লক্ষণ দেখলে শিশুর বিকাশ নিয়ে কাজ করেন এমন চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তারপরও আমি কিছু বিষয় উল্লেখ করব, যেটাতে শিশুর কথা বলা শিখতে সহায়তা হবে।
প্রথমেই কয়েকটি জিনিস খেয়াল করুন। কানে শোনা ঠিক আছে? খাবার গিলতে গেলে সমস্যা হয়? মুখের ভেতর জিহ্বা, তালু, মাড়ি এগুলোতে কোনো অস্বাভাবিকত্ব দেখা যায়? অন্যান্য বিকাশ কেমন (ঘাড় শক্ত, বসা, তাকানো, হাসি সময়মতো হয়েছে কিনা)? মায়ের কোনো গর্ভকালীন গুরুতর শারীরিক সমস্যা ছিল কি? জন্মের পরপর দেরিতে কান্না বা অন্য কোনো জটিল সমস্যা হয়েছিল কি? জন্ম সময়ের অনেক আগে, কম ওজনে হয়েছিল কি? শিশুর খিঁচুনি হয়েছিল বা এখনো হয়? শিশু বর্তমানে অন্যের সাথে মেশা, চোখে চোখ রেখে তাকায় কিনা? 
এবার আসি বাসাতেই আপনি শিশুর কি উপকার করতে পারেন তা নিয়ে। শিশুকে প্রতিদিন আলাদা করে ‘কোয়ালিটি’ সময় দিন। সকাল-সন্ধ্যা ১ ঘণ্টা করে মোট ২ ঘণ্টা সময়টাতে আপনার মোবাইল/টিভি বন্ধ রেখে, তৃতীয় কারও উপস্থিতি ছাড়া তাকে সময় দিন।
এই সময়টাতে ওকে ছড়া শোনাবেন, বই থেকে বলে বলে ছবি দেখাবেন।
প্রথমে স্বরবর্ণ শেখাবেন, যেমন- অ, আ, ই, ইত্যাদি। 
প্রতিটি কাজ শব্দ করে বলে বলে করবেন। যেমন- পানি খাই, বই পড়ি ইত্যাদি। 
খেলনা দিয়ে কথা বলে খেলবেন। যেমন- এই যে পুতুল, প্লেন বোওও, গাড়ি পিপপপ, ইত্যাদি। এছাড়া হাতের কাছে যা আছে তাই দেখিয়ে কথা বলে ওর সাথে যোগাযোগের চেষ্টা করবেন। 
যাবতীয় মনিটর (মোবাইল, টিভি, ট্যাব) থেকে শিশুকে দূরে রাখবেন। কর্মজীবী মায়েরা শিশুকে যার কাছে রেখে যান, তাকে এই ব্যাপারে সতর্ক করবেন। ইদানীংকালে  শিশুর কথা বলতে দেরি হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ মোবাইল আসক্তি। 
কথা বলতে পারলে, বা না পারলে, বা হিজিবিজি বললেও উৎসাহ দিবেন। কখনোই মন খারাপ করা যাবে না।
অনেক সময় স্পিচ থেরাপিস্ট প্রয়োজন মনে করলে কিছু ব্যায়ামের কথা বলতে পারেন। আমাদের কথা বলার জন্য কিছু মাংসপেশি সাহায্য করে, যেগুলো আমাদের চোয়ালে থাকে। হাত দিয়ে উপরে নিচে, পাশাপাশি এসব পেশির ব্যায়াম করাবেন (ইউটিউবে পাবেন)। বয়স অনুযায়ী চিবিয়ে খেতে হয় এমন শক্ত খাবার দিবেন। পারলে বাঁশি বাজানো, বেলুন ফোলানোর চেষ্টা করতে পারেন। 
তবে এসব নির্দেশনা হাতেকলমে শেখানোর কোনো বিকল্প নেই। বিভিন্ন সরকারি হাসপাতালের শিশু-বিকাশ কেন্দ্রে স্পিচ থেরাপির সাহায্যে শিশুর কথা বলার ব্যাপারে সাহায্য করা হয়।   
লেখক : সহকারী অধ্যাপক (শিশু) আইসিএমএইচ, মাতুয়াইল, ঢাকা।