গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
আলোচনা সভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী : নয়া দিগন্ত।
ads

 ময়মনসিংহ অফিস 

মাদক, জুয়া, বাল্যবিয়ে প্রতিরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ড দমনে গ্রাম পুলিশদের আরো সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
গতকাল দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতি মন্ত্রী বলেন, কোনো এলাকায় নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অগ্নিসংযোগের খবর পেলে গ্রাম পুলিশদের দ্রুত সংগঠিত হয়ে তা প্রতিহত করতে হবে। পরে জড়িতদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিতে হবে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিহত করতে গ্রাম পুলিশদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশরা পোশাকধারী সরকারি কর্মচারী। তাদের মনোবল শক্ত রাখতে হবে। কোনো এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পেলে ওয়ার্ড পর্যায়ে যোগাযোগ করে সবাইকে সংগঠিত করতে হবে। মাদককারবারি ও জুয়াড়িদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না।
নান্দাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রাম পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রতি মন্ত্রী বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে থানার পুলিশ সদস্য রয়েছেন মাত্র ৬০ থেকে ৬৫ জন। বিপরীতে গ্রাম পুলিশ রয়েছেন ১৩০ জন। তাই এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে অপরাধ দমনে তাদের আরো সক্রিয় হতে হবে।
মাদক ও জুয়ার কারণে পরিবার এবং সমাজ ধ্বংস হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের সাথে সম্পর্ক না রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় এসব সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব।
গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম পুলিশ বাহিনীকে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশের পদমর্যাদা ও বেতনভাতা বৃদ্ধি করেছেন। পেনশন ও মোবাইল ভাতাও বাড়ানো হয়েছে। যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে গ্রাম পুলিশের বেতনভাতা বাড়ানো এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক ও নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।