বাংলাদেশে তুলার গুদাম নির্মাণে যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন চায় আমেরিবাংলা
রাজধানীর একটি হোটেলে আমেরিবাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত।
ads

বিশেষ সংবাদদাতা 

বাংলাদেশে তুলা সংরক্ষণের জন্য আধুনিক গুদাম নির্মাণে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পেতে চায় আমেরিবাংলা করপোরেশন। চট্টগ্রামের আনোয়ারায় ফ্রি ট্রেড জোন চূড়ান্ত হলে সেখানে বিশেষায়িত তুলার গুদাম নির্মাণে এ অর্থায়ন কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বাংলাদেশের জন্য ডিএফসির অর্থায়নের সুযোগ উন্মুক্ত হওয়ার পরপরই এ উদ্যোগের কথা জানাল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি। গত ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডিএফসি ঘোষণা করে, এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো তাদের অর্থায়নের জন্য বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর ফলে অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে।
আমেরিবাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনায় ডিএফসি অর্থায়নের বিষয়টি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আসওয়ার রহমান জানান, আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে তুলা সরবরাহ বাড়ানোর পাশাপাশি সরবরাহব্যবস্থা, গুদামজাতকরণ ও ডিজিটাল বাণিজ্যব্যবস্থা সম্প্রসারণে কাজ করবে আমেরিবাংলা। ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ ও উন্নয়ন অর্থায়ন সংস্থা। এটি বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে অর্থায়ন ও ঝুঁকি প্রশমন-সুবিধা দিয়ে থাকে। তবে বাংলাদেশের প্রকল্পগুলো অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হলেও কোনো নির্দিষ্ট প্রকল্পের অর্থায়ন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয় না। আমেরিবাংলার প্রস্তাবিত গুদাম প্রকল্পের অর্থায়নও এখনো অনুমোদিত হয়নি। 
মাসে ৩২ হাজার টন তুলা আমদানির লক্ষ্য 
আমেরিবাংলা আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে  প্রতি মাসে এক হাজার ৬০০ কনটেইনার বা প্রায় ৩২ হাজার টন তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের তুলাচাষিদের সাথে সরাসরি যোগাযোগ ও সংগ্রহব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। একই সাথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কনটেইনার সংরক্ষণের জন্য একটি ডিপো স্থাপন করতে চায় তারা। এর মাধ্যমে পরিবহন ব্যয় কমিয়ে বাংলাদেশের বাজারে মার্কিন তুলার দাম আরো প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেয়া হবে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে তুলার সরবরাহ নিশ্চিত করতে একটি কৌশলগত তুলা মজুদ বা স্ট্র্যাটেজিক কটন রিজার্ভ গড়ে তোলার বিষয়েও সরকারকে উৎসাহিত করতে চায়। তাদের মতে, এ ধরনের মজুদ আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও সরবরাহ সঙ্কট মোকাবেলায় দেশের বস্ত্রশিল্পকে সহায়তা করতে পারে। 
দুই বছরে সরবরাহব্যবস্থায় নতুন উদ্যোগ 
২০২৪ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত আমেরিবাংলা একই বছরের নভেম্বরে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দুই বছরে প্রতিষ্ঠানটি মার্কিন তুলা সংগ্রহ, বিপণন ও সরবরাহে কয়েকটি নতুন উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষকের কাছ থেকে সরাসরি তুলা কেনাবেচার প্রথম উদ্যোগ বাস্তবায়ন করেছে তারা। এর মাধ্যমে প্রচলিত মধ্যস্বত্বভোগীনির্ভর বিপণনব্যবস্থা এড়িয়ে তুলা সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। তাদের উদ্যোগে বাংলাদেশে মার্কিন তুলার মূল্যভিত্তি এক হাজার ৫০০-এর বেশি পয়েন্ট থেকে কমে প্রায় এক হাজার পয়েন্টে নেমে এসেছে। এতে পশ্চিম আফ্রিকার তুলনায় মার্কিন তুলার দাম কমেছে এবং ব্রাজিলের তুলার দামের কাছাকাছি পৌঁছেছে। এ ছাড়া কটনপোর্ট নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পূর্বানুমোদিত ক্রেতারা চট্টগ্রাম বন্দরে চালান পৌঁছানোর আগেই ডিজিটাল নিলাম পদ্ধতিতে তুলা কেনার সুযোগ পাবেন। চট্টগ্রাম ও ঢাকায় ফরওয়ার্ড ওয়্যারহাউসের মাধ্যমে রোজগোল্ড করপোরেশনের কাছে মার্কিন তুলা বিক্রির উদ্যোগকেও নিজেদের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। তুলার উৎপত্তি ও মান নিশ্চিত করতে অল আমেরিকান কটন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে আইসোটোপ পরীক্ষা এবং কনটেইনারভিত্তিক যাচাই ব্যবস্থা চালু করেছে তারা। 
তুলার বাইরেও কৃষিপণ্য বাণিজ্য সম্প্রসারণ 
শুধু তুলা নয়, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও গম আমদানির ক্ষেত্রেও নতুন উদ্যোগ নিতে চায় আমেরিবাংলা। এ লক্ষ্যে মার্কিন কৃষকদের কাছ থেকে সরাসরি এসব পণ্য সংগ্রহ করে বাংলাদেশের মাঝারি আকারের প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের কাছে বাল্ক আকারে সরবরাহের পরীক্ষামূলক চালান পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কটনল্যাব উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রের তিনটি প্রতিষ্ঠানের সাথে সোর্সিং অংশীদারত্ব গড়ে তুলেছে তারা। এর মাধ্যমে বাংলাদেশে মার্কিন তুলা ব্যবহার করে পোশাক ও কার্যকরী বস্ত্রপণ্য উৎপাদন সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ভূমিকা রাখা। আমেরিবাংলার মতে, বাংলাদেশের বৃহৎ তৈরী পোশাক ও বস্ত্রশিল্প এবং যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য উৎপাদনকারীদের মধ্যে সরাসরি বাণিজ্যিক সংযোগ তৈরি করা গেলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সরবরাহব্যবস্থার দক্ষতাও বাড়বে।