কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না : হাসান সরকার
ads

গাজীপুর মহানগর প্রতিনিধি 
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশের মানুষ অতীতেও ষড়যন্ত্র ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারো সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। 
গতকাল বৃহস্পতিবার টঙ্গীর সাহারা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানেই যদি হয় সন্ত্রাস, দখলবাজি, জ্বালাও-পোড়াও এবং জনগণের অধিকার হরণ, তাহলে দেশের মানুষ সেই রাজনীতিকে আর গ্রহণ করবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করতে হবে। কোনো অপশক্তিকে দেশের স্বাভাবিক পরিস্থিতি নষ্ট করতে দেয়া যাবে না। 
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সাবেক দফতর সম্পাদক আবদুর রহিম খান কালা, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ও মহানগর তাঁতী দলের সহসভাপতি ওসমান গনি, পূবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাই, বিএনপি নেতা আলী আহমেদ টুকু, মো: শামীম, শাহিন ইসলাম, ফারুক মৃধা, বীর রহমানসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 
এ দিকে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি। থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে মিছিলটি টঙ্গী সেনাকল্যাণ ভবনের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটাগেট, আনারকলিসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয়।