আইবিএফবিকে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের বিশ্বস্ত কণ্ঠস্বর : মার্কিন রাষ্ট্রদূত
আইবিএফবির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন : নয়া দিগন্ত।
ads

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ ও অধিকার তুলে ধরার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) একটি বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসায়িক সম্পৃক্ততা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানের রেনেসাঁ হোটেলে আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন সুবিধা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর ফলে দেশে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। 
আইবিএফবির সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাবেক সভাপতি, সহসভাপতি, পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম, আর্থিক বিষয়াবলি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।
স্বাগত বক্তব্যে লুৎফুন্নিসা সৌদিয়া খান নীতিনির্ধারণী সংলাপ জোরদার, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ ও অধিকার প্রতিনিধিত্বের ক্ষেত্রে আইবিএফবির ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসেবে বক্তব্য দেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। ‘অর্থনৈতিক কর্মকাণ্ডের গণতন্ত্রীকরণ’ শীর্ষক বক্তব্যে তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সম্পদের কথা উল্লেখ করেন। এগুলো হলো, দেশের কর্মক্ষম ও উদ্যমী জনগোষ্ঠী, মানুষের উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা।
তিনি বলেন, দেশের মানুষের কর্মোদ্যম, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতাকে কাজে লাগাতে পারলে অর্থনৈতিক অগ্রগতির নতুন সুযোগ তৈরি হবে। তবে হয়রানি ও দুর্নীতি এ সম্ভাবনা বাস্তবায়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা। অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এসব বাধা দূর করা জরুরি।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধি জন ফুহার্টি উপস্থিত ছিলেন। আইবিএফবির সাথে অতীতের সহযোগিতার ধারাবাহিকতায় ভবিষ্যতেও যৌথ কর্মসূচি ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এজিএমে আইবিএফবির দুই দশকের কার্যক্রম ও অর্জন পর্যালোচনা করা হয়। এ সময় নীতিগত সংস্কার এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংগঠনটির অ্যাডভোকেসি কার্যক্রম, সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন অংশীজনের সাথে সম্পৃক্ততা এবং বিনিয়োগ, বাণিজ্য ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান।