এমপি
বক্তব্য রাখছেন এমপি এমরান আহমদ চৌধুরী। নয়া দিগন্ত
ads

পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ‍্যাডভোকে এমরান আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে আয়োজিত এক সাংগঠনিক সভায় দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পতিত ফ্যাসিস্ট শক্তি এখন নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের সকল অপতৎপরতা রুখে দিতে তৃণমূলের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।’

এ সময় তিনি দলের ভেতরে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা দলের সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলামসহ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস এবং গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।