সোহেলের মৃত্যুদণ্ড বহাল, প্রমাণের অভাবে মুক্তি স্ত্রীর
ads

আলমগীর কবির 

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বাতিল করে তাকে খালাস দিয়েছেন আদালত। সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী, সাক্ষীদের বক্তব্য ও ময়নাতদন্তের প্রতিবেদন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা প্রমাণ করেছে। অন্যদিকে স্বপ্না অপরাধে সহযোগিতা করেছেন, এমন কার্যকর কোনো প্রমাণ পাননি আদালত। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না বলে রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।
একই মামলায় দুই আসামির বিরুদ্ধে দুই ধরনের রায় দেয়ার ক্ষেত্রে প্রমাণের গুরুত্ব তুলে ধরেছেন হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সোহেল নিজের জবানবন্দীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কিন্তু তার স্ত্রী স্বপ্না অপরাধে সহযোগিতা করেছেন, এমন কোনো বক্তব্য দেননি। অন্য সাক্ষীদের সাক্ষ্যেও স্বপ্নার কার্যকর সম্পৃক্ততা প্রতিষ্ঠিত হয়নি। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সোহেল রানা জবানবন্দীতে শুধু উল্লেখ করেছেন যে তার স্ত্রী স্বপ্না তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
গতকাল মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। স্বপ্নার বিরুদ্ধে আনা অভিযোগের আইনি ভিত্তি পর্যালোচনা করে তাকে খালাস দেন আদালত। অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 
আদালত বলেন, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দী আট নম্বর সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে সমর্থিত হয়েছে। চিকিৎসক হিসেবে ১৯ নম্বর সাক্ষীর বক্তব্যও এসব তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয়েছেন, হত্যাটি সোহেল রানাই করেছেন। ধর্ষণের ঘটনাটিও তার মাধ্যমেই সংঘটিত হয়েছে।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক পন্থায় সংঘটিত। ভুক্তভোগী ছিল কোমল বয়সের অসহায় একটি শিশু। এ অবস্থায় সোহেলের মৃত্যুদণ্ড কমানোর কোনো কারণ আদালত দেখেননি। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই যথাযথ শাস্তি বলে মনে করেন আদালত। সোহেলের মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্নার ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট। আদালতের মতে, স্বপ্নার বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয়নি। 
বিচারিক আদালত সোহেল ও স্বপ্নাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। ৯(২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। আর ৩০ ধারায় অপরাধ সংঘটনে প্ররোচনা বা সহায়তার জন্য মূল অপরাধের সমান শাস্তির বিধান রাখা হয়েছে। কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ, সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তার স্ত্রী অপরাধে কোনোভাবে সহায়তা করেছেন, এমন বক্তব্য নেই। অন্য সাক্ষীদের মাধ্যমেও স্বপ্নার কার্যকর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
ঘটনার সময় রাত ১১টার দিকে স্বপ্নাকে কক্ষের ভেতরে পাওয়া গিয়েছিল। তবে শুধু এ কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারার সাথে ৩০ ধারা যুক্ত করে তাকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে মনে করেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, স্বপ্না নিষ্ক্রিয় থেকে স্বামীকে অপরাধ সংঘটনে সহায়তা করেছেন। তবে আদালত এ যুক্তি গ্রহণ করেননি। বিচারক বলেন, সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, স্বপ্না কক্ষের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি শিশুটির বাবাকে তার স্বামী কী করেছেন, তা জানিয়েছিলেন। এ তথ্য দিয়ে অপরাধে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হয় না।
এক দিনে ১৬ সাক্ষীর সাক্ষ্য নিয়ে প্রশ্ন : রায়ের শেষাংশে বিচারিক আদালতের বিচারপ্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের বিচার দ্রুত শেষ করার প্রয়োজনীয়তা স্বীকার করলেও এ ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন আদালত।
পর্যবেক্ষণে বলা হয়, এ মামলায় এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। বিচারক দ্রুত বিচার শেষ করার ক্ষেত্রে দক্ষতা দেখিয়ে থাকতে পারেন। কিন্তু এক দিনে এতসংখ্যক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অস্বাভাবিক। আদালতের মতে, এ ধরনের তাড়াহুড়ো ভবিষ্যতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে। হাইকোর্ট বলেন, অপ্রাপ্তবয়স্ক শিশুকে নৃশংস ও অমানবিকভাবে হত্যার মতো মামলার বিচার যুক্তিসঙ্গত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। তবে দ্রুত বিচার করতে গিয়ে ন্যায়বিচার যেন ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আদালত আরো বলেন, এ মামলায় ন্যায়বিচারের ব্যত্যয় ঘটেনি। তারপরও এক দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণকে অস্বাভাবিক মনে হয়েছে। এ ধরনের বিচারপ্রক্রিয়ায় সতর্ক থাকা জরুরি। এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির নয়া দিগন্তকে বলেন, আসামিকে সহজে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছিল। স্বীকারোক্তিমূলক জবানবন্দী এবং শক্তিশালী আলামত থাকায় তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করা সম্ভব হয়েছে। এক দিনে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হলেও কোনো পক্ষের ওপর বিরূপ প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘণ্টাব্যাপী রায় ঘোষণা করা হয়। রায় শুনতে হাইকোর্টে আসেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। তিনি বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সাথে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা এবং পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি হচ্ছে ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সোহেল রানার জবানবন্দীতে তাকে নিজে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্ন খাতুনের কোনো সম্পৃক্ততা সে উল্লেখ করেনি এবং আদালতও বলেছেন যে কোনো একটা ধর্ষণ কাজে কোনো একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। 
ঘটনার ১৯ দিনের মাথায় মৃত্যুদণ্ড  : গত ১৯ মে পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের শিশু রামিসা আক্তার। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ঘটনার ১৯ দিনের মাথায় গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ফৌজদারি মামলায় বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে তা কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ জন্য বিচারিক আদালতের রায়সহ মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। এ প্রক্রিয়া ডেথ রেফারেন্স নামে পরিচিত।
গত ৯ জুন মামলার নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। একই সাথে এটি ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ১১ জুন পৃথক জেল আপিল করেন সোহেল ও স্বপ্না। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেল আপিল দু’টি শুনানির জন্য গ্রহণ করেন। শুনানির প্রস্তুতি হিসেবে মামলার পেপারবুক তৈরি করা হয়। সোহেল ও স্বপ্নার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেয়া হয়। এরপর ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।