অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইইউবির সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পদক প্রদান করেন : পিআইডি।
ads

বাসস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, জীবনের চাকা ঘোরে তাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনাদের সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে শুধু ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তার ওপর।
গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আই ইউ বি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। এ সময় তিনি আরও বলেন, সমাবর্তন হল নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের নতুন দায়িত্বও অর্পণ করছে। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।
বক্তব্যের আগে রাষ্ট্রপতির সামনে আই ইউ বির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদেরকে আচার্যের সামনে পেশ করলে আচার্য মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ডিগ্রি প্রদান করেন।
আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি ২০২৪-এর গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। এর আগে, রাষ্ট্রপতি গতকাল সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশোবিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড আইনুন নিশাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনলজি এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো জাকারিয়া খান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।