৩ গোল করতে চান নতুন অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জামাল ভূঁইয়ার নেতৃত্বের অবসান হয়েছে। এবারের সাফে আনুষ্ঠানিকভাবে লাল-সবুজদের ক্যাপ্টেন্সি করবেন তপু বর্মণ। এই ডিফেন্ডার আগেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে তা জামালের ইনজুরির সময় বা তার অনুপস্থিতিতে। ২০১৮ সালে বাংলাদেশ দলের নেতৃত্ব পান জামাল। গতকাল সাফের অফিসিয়াল সংবাদ সম্মেলনে কোচ টমাস ডুলি নতুন অধিনায়ক হিসেবে নিয়ে আসেন তপুকে। কোচের মতে, ‘রক্ষণভাগে এমন একজন খেলোয়াড় থাকা জরুরি, যিনি সতীর্থদের সাথে কথা বলে দলকে সংগঠিত করতে পারবেন। এ কারণে গোলরক্ষকের পরিবর্তে একজন সেন্টারব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডারকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।’ কোচ আরো জানান, আমার দলে আরো কয়েকজন আছেন যারা অধিনায়ক হওয়ার যোগ্যতা রাখেন।’ এ দিকে নতুন অধিনায়ক তপু জানান, ‘আমি এবারের সাফে ৩ গোল করতে চাই’।
সাফ ফুটবল মানেই ছিল তপুর গোল। ২০১৫ সালে তিনি কেরালার মাঠে গোল করেছিলেন ভুটানের বিপক্ষে। ২০১৮ সালে তার গোল ভুটান ও পাকিস্তানের বিপক্ষে। ২০২১ সাফে তার গোল ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত তার গোল ৮টি। একজন ডিফেন্ডার হিসেবে তার এই গোল। এবারের সাফে কয়টি গোল করতে চান। এর উত্তরে নিজের হাতের তিনটি আঙুল দেখিয়ে বলেন তিনটি। 
সাফে বাংলাদেশ সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল রজনী কান্ত বর্মণের অধীনে ২০০৩ সালে। এই রজনী এখন মোটরসাইকেল দুর্ঘটনায় ডান পায়ে মারাত্মক চোট পেয়ে ঠিকমতো দাঁড়াতেই পারেন না। তপুর কাঁধে বাংলাদেশ দলের নেতৃত্ব মানে তাকে চ্যাম্পিয়ন করাতে হবে দলকে। জানান, আমরা এই সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে ভুটানকে হারিয়ে শুরু করতে চাই।

Advertisement