বন্যার্ত ২৮ পরিবার পেল নতুন ঘর


চট্টগ্রামের বাঁশখালীতে জুলাইয়ের ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারানো ২৮টি পরিবারকে নতুন ঘর দিয়েছে সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’। দাতা সংস্থা নাহারের অর্থায়নে নির্মিত দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরগুলো গত রোববার আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছওয়াবের চেয়ারম্যান এস এম রাসেদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর ইউএনও মো: রুহুল আমিন ও থানার ওসি মো. রবিউল হক।
ছওয়াব জানায়, জুলাইয়ের বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক পরিবার বসতবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়ে। বন্যার পর জরুরি ত্রাণ সহায়তা দেয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের অংশ হিসেবে নাহারের অর্থায়নে ২৮টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে ছওয়াব ও ইসলামিক রিলিফের চলমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অতিথিরা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও দাতা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
নতুন ঘর পাওয়া পরিবারগুলো জানায়, বন্যার পর তিন-চার মাস ঘরহীন অবস্থায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। নতুন ঘর পেয়ে তারা স্বস্তি পেয়েছেন। তবে স্বাবলম্বী হতে অটোরিকশা, মুদি দোকান ও গবাদিপশু প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান তারা। পাশাপাশি নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপনেরও অনুরোধ করেন। বিজ্ঞপ্তি।

Advertisement