লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে ডায়াগনস্টিক ও ক্লিনিক

 কাজী মোহাম্মদ ওমর ফারুক কালীগঞ্জ (গাজীপুর)

Advertisement

লাইসেন্স নবায়ন না করেই এবং কেবল পরিবেশগত ছাড়পত্রকে পুঁজি করে গাজীপুরের কালীগঞ্জে দেদার চলছে অধিকাংশ বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। বিগত সময়ে চিকিৎসাসেবায় অবহেলা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মতো গুরুতর অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে নিবন্ধিত ২১টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র চারটির লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়েই দেদার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বর্তমানে ২১টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, সেবার মান, চিকিৎসকের উপস্থিতি, রোগীর নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগের তদারকিতে ব্যাপক ঘাটতি রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। বিশেষ করে অস্ত্রোপচার, প্রসূতিসেবা, জরুরি চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল এবং যথাযথ অনুমোদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি হলেও তা মানা হচ্ছে না।
গত বছর মার্চে অনুমোদনের কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় জামালপুর ইউনিয়নের ‘জরিনা ক্লিনিক’কে ৫০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়। এ ছাড়া সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনা করে অপারেশন থিয়েটারে যথাযথ যন্ত্রপাতি ও কাগজপত্র না থাকায় জামালপুর বাসাইর বাজারের ‘নুবহা জেনারেল হাসপাতাল’কে ৫০ হাজার টাকা এবং কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছর থেকে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ দুই বছর করার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। নতুন প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্রসহ অন্যান্য শর্ত পূরণের কঠোর নির্দেশনা থাকলেও মাঠপর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, নবায়নের জন্য বেশ কিছু আবেদন জমা পড়েছে। তবে কাগজপত্রে বিভিন্ন জটিলতা থাকায় লাইসেন্স নবায়ন কিছুটা বিলম্বিত হচ্ছে। স্থানীয় প্রশাসনসহ ইউএইচএফপিওকে এসব বিষয়ে তদারকি বাড়ানোর নির্দেশ দেবো।